ঢাকা, অক্টোবর ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - 'স্পট ফিক্সিং'র সঙ্গে জড়িত থাকার দায়ে পাকিস্তানের তিন ক্রিকেটার সাবেক অধিনায়ক সালমান বাট, ফাস্ট বোলার মোহাম্মদ আসিফ ও মোহাম্মদ আমেরের বিচার ইংল্যান্ডে শুরু হচ্ছে।
সাউথওয়ার্ক ক্রাউন কোর্টে তাদের হাজির হওয়ার কথা মঙ্গলবার। তাদের বিরুদ্ধে অবৈধভাবে অর্থ নেয়ার পাশাপাশি প্রতারণার ষড়যন্ত্র করার অভিযোগ আনা হয়েছে।
খেলোয়াড়দের এজেন্ট মাজহার মাজিদেরও বিচার শুরু হবে তাদের সঙ্গে। একই অভিযোগ আনা হয়েছে তারও বিরুদ্ধে।
গত বছর ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টে অর্থের বিনিময়ে নো বল করেন আসিফ ও আমের। আর এতে নাটের গুরু ছিলেন তখনকার টেস্ট অধিনায়ক সালমান।
এরই মধ্যে দোষী সাব্যস্ত হওয়ায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দুর্নীতি দমন ট্রাইবুন্যাল পাঁচ বছরের মুলতবী নিষেধাজ্ঞাসহ সালমানকে দশ বছর, দু'বছরের মুলতবী নিষেধাজ্ঞাসহ আসিফকে সাত বছর ও আমেরকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করে।
এই রায়ের বিরুদ্ধে সুইজারল্যান্ডের ক্রীড়া বিষয়ক একটি আদালতে আপিল করেছেন তিনজনই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৫৩৮ ঘ.
bdnews24