২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টেন্ডুলকারের দক্ষতা নিয়ে প্রশ্ন তুলিনি: আফ্রিদি

পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার শোয়েব আখতারের বোলিংয়ের মুখে শচীন টেন্ডুলকারের পা কাঁপতে দেখেছেন বলে মন্তব্য করার একদিন পর শহিদ আফ্রিদি এখন বলছেন, তিনি শচীন টেন্ডুলকারের ব্যাটিং দক্ষতা নিয়ে কোনো প্রশ্ন তোলেননি। তিনি একটা ঘটনার কথা বলেছেন মাত্র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2011, 10:05 AM

Updated : 24 Aug 2022, 04:27 PM

ঢাকা, অক্টোবর ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার শোয়েব আখতারের বোলিংয়ের মুখে শচীন টেন্ডুলকারের পা কাঁপতে দেখেছেন বলে মন্তব্য করার একদিন পর শহিদ আফ্রিদি এখন বলছেন, তিনি শচীন টেন্ডুলকারের ব্যাটিং দক্ষতা নিয়ে কোনো প্রশ্ন তোলেননি। তিনি একটা ঘটনার কথা বলেছেন মাত্র। আফ্রিদি করাচিতে বলেন, "আমি যা বলেছি, তা অস্বীকার করছি না। ১৯৯৯ সালে কলকাতা টেস্টে শোয়েবের বোলিংয়ের মুখে স্বস্তিতে ছিলেন না টেন্ডুলকার। এটি ছিল শোয়েবের প্রথম ভারত সফর এবং রানের খাত খোলার আগেই শচীনের স্ট্যাম্প উড়িয়ে নিয়ে যান তিনি। দুই পালায় রাহুল দ্রাবিড়ের উইকেটও নেন শোয়েব।" "ওই সফরে শোয়েব ছিলেন পুরো 'ফর্মে'। বলের গতিও ছিল ভয়ঙ্কর। সে সময় বিশ্বের সব ব্যাটসম্যান তার বল খেলতে ভয় পেতেন। স্কয়ার লেগে ফিল্ডিং করার সময় শোয়েবের বোলিংয়ের মুখে আমি শচীনের পা কাঁপতে দেখেছি। আমি এখনো এ কথা বলছি," যোগ করেন তিনি। পাকিস্তানের একদিনের দলের সাবেক অধিনায়ক বলেন, "কিন্তু ওই একবারই। এরপর শচীন শোয়েবকে কখনোই ছেড়ে দেননি। আমরা সবাই দেখেছি ২০০৩ সালের বিশ্বকাপে কি ঘটেছিল।" "বিশ্বের সেরা ব্যাটসম্যানদের একজন শচীন। সারা বিশ্ব তা জানে। এ জন্য আমার বা অন্য কারো সার্টিফিকেটের প্রয়োজন নেই তার। কথা বলবে তার রেকর্ডই," বলেন আফ্রিদি। তিনি বলেন, "আমি শচীনের ব্যাটিং দক্ষতা নিয়ে কোনো প্রশ্ন তুলছি না। ওই ঘটনার পর শোয়েবের বলে শচীন কয়টা ছক্কা মেরেছেন, তা সবাই জানেন। কিন্তু কোনো কোনো সময় এমনটা ঘটে। আফ্রিদি নিজেকে টেন্ডুলকারের ভক্ত বলে দাবি করেন। তিনি বলেন, "আমার বসার ঘরের দেয়ালে একটি মাত্র ছবি টানানো আছে। আর সেটি হলো শচীনের। তার ওপর আবার শচীনের অটোগ্রাফও রয়েছে।" এরপর আফ্রিদি জানতে চান, "আর কিছু বলার দরকার আছে?" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৫৫৩ ঘ.