ঢাকা, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জিম্বাবুয়ের বিশ্বকাপ দল থেকে সরে দাঁড়িয়েছেন শন ইরভিন। এর বদলে তিনি থেকে যাবেন হ্যাম্পশায়ারে।
জিম্বাবুয়ের প্রাথমিক ও চূড়ান্ত, উভয় দলেই ছিলেন ইরভিন। প্রশিক্ষণের জন্য দলের সদস্যদের দুবাই রওনা দেয়ার আগে আগে তিনি তার মত পরিবর্তনের কথা জানান।
এ প্রসঙ্গে ইরভিন বলেন, "সব দিক বিবেচনা করে এই মুহূর্তে হ্যাম্পশায়ার ছেড়ে যাওয়া আমার ঠিক হবে না বলেই মনে হয়।"
হ্যাম্পশায়ারকে নিজের বাড়ি বলে মনে করেন তিনি। বলেন, "ক্লাব ও সমর্থকদের সঙ্গে আমার এত চমৎকার সম্পর্ক গড়ে উঠেছে যে মনে হয় আমি পরিবারের সঙ্গেই থাকছি।"
আগামী বছর হ্যাম্পশায়ারের একটি মেয়েকে বিয়েও করবেন বলে তিনি জানান। তবে মেয়েটির নাম তিনি বলেননি।
জিম্বাবুয়ের প্রধান নির্বাচক সাবেক অধিনায়ক অ্যালিস্টার ক্যাম্পবেল জানান, ইরভিনের এই সিদ্ধান্তে তিনি হতাশ হয়েছেন।
এরই মধ্যে জিম্বাবুয়ে ক্রিকেট টিনো মাওইয়োকে দলে নেয়ার জন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ইভেন্ট টেকনিক্যাল কমিটির কাছে অনুমতি চেয়ে দরখাস্ত করেছে।
উদ্বোধনী ব্যাটসম্যান মাওইয়ো ২০০৬ সালে বাংলাদেশের বিপক্ষে দু'টি একদিনের ম্যাচ খেলেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৭০৭ ঘ.
bdnews24