ঢাকা, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ছয় দিন ছুটি কাটিয়ে বাংলাদেশ দল শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতার জন্য চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে।
জানুয়ারির ১৯ তারিখে চূড়ান্ত দল ঘোষণার পর ২৫ জানুয়ারি পর্যন্ত ছুটি দেয়া হয় বিশ্বকাপ দলের ১৫ খেলোয়াড়কে।
দুপুরে জিপি-বিসিবি একাডেমি মাঠে একে একে আসেন দলের সব ক্রিকেটার। দলে না থাকলেও অনুশীলন করেন পেসার মাশরাফি বিন মর্তুজাও।
প্রধান কোচ জেমি সিডন্স নেটে ব্যস্ত ছিলেন ব্যাটসম্যানদের নিয়ে।
বোলিং কোচ ইয়ান পন্ট পুরো সময় কাটান পেসারদের নিয়ে। ফিজিও মাইক হেনরি ও ট্রেনার গ্রান্ট লুডেনও ছিলেন তার সঙ্গে।
ফিল্ডিং অনুশীলন করান ফিল্ডিং কোচ ভিভিয়েন জুলিয়েন ফন্টেন। তবে স্পিনারদের ফিল্ডিং অনুশীলন করান তিনি অনেক বেশি সময় ধরে।
পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইয়ান পন্ট বলেন, "আজকের (বুধবার) অনুশীলনে আমি খুশি। সবাই কঠোর পরিশ্রম করেছেন।"
মাশরাফির না থাকায় দলের জন্য বেশ ক্ষতি হয়েছে বলে স্বীকার করেন পন্ট। তবে তিন পেসার শফিউল ইসলাম, রুবেল হোসেন ও নাজমুল হোসেনের প্রশংসাও করেন তিনি।
রুবেল সম্পর্কে পন্ট বলেন, তিনি নিঃসন্দেহে 'বিস্ফোরক' বোলার। এ মুহূর্তে তিনি একটু আহত। তবে ধীরে ধীরে পুরো সুস্থ হয়ে উঠছেন তিনি।
শফিউল ও নাজমুলও বেশ ভালো করছে বলে জানান তিনি। সেই সঙ্গে বলেন, বাংলাদেশের আক্রমণভাগের মূল শক্তি স্পিনাররা। তারপরও এবার পেসাররাও ভালো করবেন বলে আশা করছেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/১৯১৮ ঘ.
bdnews24