ঢাকা, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অধিনায়কের নাম এখনো ঘোষণা না করায় পাকিস্তান দলে দলাদলি শুরু হয়ে যেতে পারে বলে মনে করেন সাবেক দলনায়ক ইনজামাম উল হক।
পাকিস্তান বিশ্বকাপ দল ঘোষণা করলেও অধিনায়কের নাম এখনো ঘোষণা করেনি। অথচ বাকি সব দল তাদের অধিনায়কের নাম ঘোষণা করেছে।
অধিনাকত্ব নিয়ে এই অনিশ্চয়তার ফলে দলের প্রস্তুতি ব্যহত হবে বলে মনে করেন ইনজামাম। তিনি বলেন, "বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতা শুরু হতে বাকি আছে এক মাসেরও কম সময়। অথচ পাকিস্তান দলের কোনো দলনায়ক নেই।"
এ জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) দায়ী করে তিনি বলেন, "এতে খেলোয়াড়রা দুই দলে বিভক্ত হয়ে পড়বেন। এক পক্ষ সমর্থন করবেন শহিদ আফ্রিদিকে। আরেক পক্ষ মিসবাহ উল হককে।" এই অবস্থায় দলের কাছ থেকে কেউ ভালো কিছু আশা করতে পারেন না বলে সাফ জানিয়ে দেন তিনি।
ইনজামাম বলেন, "পাকিস্তান বিশ্বকাপে খারাপ করলে দেশের মানুষ বোর্ডকে নয়, দায়ী করবেন খেলোয়াড়দের।
কোচ ওয়াকার ইউনিস ও অধিনায়কের সঙ্গে আলোচনা না করে দল ঘোষণা করায় পিসিবি'র সমালোচনাও করেন সাবেক অধিনায়ক। তিনি প্রশ্ন রাখেন, "অধিনায়ক ছাড়া খেলার জন্য যথার্থ কৌশল নির্ধরাণ করা কি সম্ভব?"
পাকিস্তান এখন নিউজিল্যান্ডে ছয় ম্যাচের একদিনের সিরিজ খেলছে। অথচ খেলোয়াড়রা জানেন না তাদের অধিনায়ক কে? একে দলের জন্য খুবই ক্ষতিকর বলে মনে করেন ইনজামাম।
বর্তমানে পাকিস্তানের টেস্ট দলের অধিনাক মিসবাহ। আর একদিনের দলের নেতৃত্ব দিচ্ছেন শহিদ আফ্রিদি। মিসবাহ পালন করছেন তার সহকারীর দায়িত্ব।
প্রথম একদিনের খেলায় পাকিস্তান নিউজিল্যান্ডের কাছে হার মানে ৯ উইকেটে।
পাকিস্তান ২০০৭ সালের বিশ্বকাপ খেলে ইনজামামের নেতৃত্বে। অবশ্য এই বিশ্বকাপের কথা ভুলে যেতে চাইবেন ইনজামাম নিজেই। আয়ারল্যান্ডের কাছে হেরে প্রথম পর্ব থেকেই বিদায় নিতে হয় তার দলকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৮১৫ ঘ.
bdnews24