২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপের উদ্বোধনী দিনে ঢাকায় ছুটির প্রস্তাব

বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী দিনে ঢাকা মহানগরীতে সাধারণ ছুটির কথা ভাবা হচ্ছে। ওই সময়ে ঢাকার সড়ক থেকে উচ্ছেদ করা হবে ভিক্ষুক ও হকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2011, 08:15 AM

Updated : 24 Aug 2022, 02:23 PM

ঢাকা, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী দিনে নিরাপত্তার স্বার্থে ঢাকা মহানগরীর সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান বন্ধ রাখার জন্য বিশ্বকাপ আয়োজনের জাতীয় কমিটির কাছে প্রস্তাব দেওয়া হয়েছে। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে 'বিশ্বকাপ ক্রিকেট নিয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় ৪র্থ বৈঠক' শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, উদ্বোধনী অনুষ্ঠানের দিন ঢাকা মহানগরীতে সাধারণ ছুটির প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি আরো তিনটি খেলার দিন শুধু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখতে জাতীয় কমিটির কাছে প্রস্তাব রাখার সিদ্ধান্ত হয়েছে। যে সব সড়ক দিয়ে খেলোয়াড় ও অতিথিদের আসা-যাওয়া হবে, সে সব পথ থেকে হকারদের সাময়িকভাবে উচ্ছেদ করা হবে বলে জানান মন্ত্রী। ঢাকার রাস্তা থেকে সব ভিক্ষুক সরিয়ে নেওয়া হবে জানিয়ে সাহারা বলেন, ভিক্ষুকদের সাময়িকভাবে ভবঘুরে কেন্দ্রে পাঠিয়ে দেওয়া হবে। এজন্য সমাজকল্যাণ মন্ত্রনালয় ও আইন-শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নিচ্ছে। খেলার সময় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে জানিয়ে মন্ত্রী বলেন, "অতিথিদের জন্য এয়ারপোর্ট থেকে হোটেল ও স্টেডিয়াম পর্যন্ত সর্বোচ্চ নিরাপত্তা বলয় থাকবে। এজন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং জরুরি প্রয়োজনে হেলিকপ্টারের ব্যবস্থা রয়েছে।" জরুরি চিকিৎসার জন্য সিএমএইচ ও অন্যান্য হাসপাতালে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। ঢাকা মহানগরীর সৌন্দর্য বৃদ্ধির জন্য ঢাকা সিটি কর্পোরেশন ও অন্যান্য প্রতিষ্ঠান কাজ করছে জানিয়ে মন্ত্রী বলেন, দেয়াল লিখন ও পোস্টারমুক্ত করতে কাজ চলছে। বিশ্বকাপ ক্রিকেটের এবারের আসর বসছে বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কায়। উদ্বোধনী অনুষ্ঠান হবে ১৭ ফেব্র"য়ারি ঢাকায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এমআই/১৪১২ ঘ.