নড়াইল, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্বকাপের দলে নড়াইল মাশরাফি বিন মোর্তুজাকে অন্তভুক্ত করার দাবিতে নড়াইলে বিক্ষোভ চলছে।
হরতাল, বিক্ষোভ-সমাবেশ, সড়ক অবরোধ, মানববন্ধন, প্রতীক অনশন ও গণমিছিল পর সোমবার হয়েছে মশাল মিছিল।
সোমবার সন্ধ্যায় নড়াইলবাসীর ব্যানারে পৌরসভার রূপগঞ্জ বাসস্ট্যান্ড থেকে মশাল মিছিল বের হয়। শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে নড়াইল চৌরাস্তা এলাকায় এসে শেষ হয় মিছিলটি।
আঞ্চলিক মহিলা ক্রিকেট প্রতিযোগিতার মঙ্গলবার অনুষ্ঠেয় খেলার সময় মাঠের চারপাশে মুখে ও চোখে কালো কাপড় বেঁধে প্রতীকী ঘৃণা প্রকাশের কর্মসূচি দেয় নড়াইলবাসী নামের স্থানীয় একটি সংগঠন।
জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক পেস বোলার মাশরাফিকে ছাড়াই গত ১৯ জানুয়ারি বাংলাদেশের বিশ্বকাপের দল ঘোষণা করা হয়।
১৫ সদস্যের চূড়ান্ত দলে তাকে না রাখার কারণ হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বলেছে, চোটের কারণে তাকে নেওয়া হয়নি।
চলমান প্রিমিয়ার ডিভিশন ক্রকেট লীগে আবাহনীর হয়ে একটি খেলায় রান নিতে গিয়ে চোট পান 'নড়াইল এক্সপ্রেস' হিসেবে পরিচিত মাশরাফি।
দল ঘোষণার দিনই বিক্ষোভে ফেটে পড়ে নড়াইলবাসী। পরদিন তারা হরতাল পালন করে।
সোমবার সন্ধ্যায় মশাল মিছিলে অংশ নেন সদর উপজেলার সাবেক চেয়ারম্যান গোলাম নবী, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শরীফ মুনীর হোসেন, নড়াইল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এনামুল কবীর টুকু, মানবাধিকার কর্মী কাজী হাফিজুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিকদলের নেতা, ব্যবসায়ী ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা।
মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, মাশরাফিকে দলে না নেওয়া পর্যন্তনড়াইলবাসীর ব্যানারে ক্রিকেটপ্রেমীরা নড়াইলে আন্দোলন অব্যাহত রাখবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২১০ ঘ.
bdnews24