ঢাকা, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বড় ধরনের কোনো ঘটনা না ঘটলে বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতার পর ভারতের কোচের দায়িত্ব ছেড়ে দেবেন গ্যারি কার্স্টেন। এরই মধ্যে তিনি জানিয়ে দিয়েছেন, পারিবারিক কারণে ভারতের সঙ্গে চুক্তির মেয়াদ আর বাড়াতে রাজি নন তিনি।
ভারতের ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা বলেন, "অনেকদিন ধরে এই বিষয়টি নিয়ে কথা-বার্তা হচ্ছে। কিন্তু এখন আমি এ কথা নিশ্চিত করতে পারি যে বিশ্বকাপ ক্রিকেটের পর কার্স্টেন আর কোচের দায়িত্ব পালন করবেন না।"
সবাই কার্স্টেনকে সম্ভবত আরো তিন বছরের জন্য রাখতে চাইছেন বলে জানিয়ে তিনি বলেন, "গত তিন বছরে কোচ ও খেলোয়াড়দের মধ্যে চমৎকার একটা সম্পর্ক গড়ে উঠেছে। এর ফলাফল তো আপনারাই দেখছেন।"
দলের সদস্যদের মনোভাব চাঙ্গা করতে কার্স্টেন চেষ্টার কোনো কসুর করেননি বলে কর্মকর্তা জানান। তিনি বলেন, "দলকে একটি সূতোয় গেঁথেছেন তিনি। তারপরও আমরা তার সিদ্ধান্তকে অবশ্যই শ্রদ্ধা জানাবো।"
এখন নতুন কোচ খুঁজে পাওয়া নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ কাজ বলে স্বীকার করেন ওই কর্মকর্তা। তিনি বলেন, কার্স্টেনের প্রশিক্ষণে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) র্যাঙ্কিংয়ে শীর্ষে পৌঁছেছে ভারত। এছাড়া সমূহ বিপদ থেকে ঘুরে দাঁড়ানোর অভ্যাসও গড়ে উঠেছে দলের মধ্যে।
বিশ্বকাপের পর কার্স্টেনের সরে দাঁড়ানোর মধ্যে অবশ্য বিস্ময়ের কিছু নেই। কেননা বেশ কিছুদিন ধরে তিনি বলে আসছেন, পরিবারের সদস্যদের তিনি আরো বেশি সময় দিতে চান।
বিভিন্ন প্রচার মাধ্যমের খবরে বলা হচ্ছে, দক্ষিণ আফ্রিকা দলের কোচের দায়িত্ব নিতে পারেন তিনি।
বিশ্বকাপের পর দক্ষিণ আফ্রিকারও বর্তমান কোচেরও মেয়াদ শেষ হয়ে যাবে। এই পরিস্থিতিতে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ) কোচের চাকরির জন্য দরখাস্ত জমা দেয়ার শেষ তারিখ ৭ জানুয়ারি থেকে বাড়িয়ে করেছে ১৮ ফেব্র"য়ারি। তাই কার্স্টেনের দক্ষিণ আফ্রিকার কোচের দায়িত্ব নেয়ার গুঞ্জনের ডালপালা ছড়িয়ে পড়ছে খুবই দ্রুত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এনআই/২০৫৫ ঘ.
bdnews24