ঢাকা, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাত ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচে সফরকারী ইংল্যান্ডকে ৪৬ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া।
টসে হেরে ব্যাট করতে নেমে ৪৮ ওভার ২ বলে সবকটি উইকেট হারিয়ে ২৩০ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। জবাবে ৪৫ ওভারে ১৮৪ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড।
হোবার্টের বেলেরিভ ওভালে অস্ট্রেলিয়ার জয়ের রূপকার ছিলেন শন মার্শ ও ডগ বোলিঞ্জার।
অস্ট্রেলিয়া তৃতীয় ওভারে হারায় তাদের প্রথম উইকেট, দলের সংগ্রহ তখন ৬ রান। শাহজাদের বলে বোল্ড হয়ে সাজঘরের পথ ধরেন আগের ম্যাচে শতক হাঁকানো শেন ওয়াটসন (৫ )।
দলীয় ১৫ রানে হ্যাডিন, ২১ রানে মাইকেল ক্লার্ক ও ৩৩ রানে ডেভিড হাসি আউট হয়ে গেলে বিপদে পড়ে যায় অস্ট্রেলিয়া।
হয়তো এই সময়টার অপেক্ষায় ছিলেন আহত মাইক হাসির জায়গায় দলে সুয়োগ পাওয়া শন মার্শ। ক্যামেরন হোয়াইটকে নিয়ে পঞ্চম উইকেট জুটিতে ২০ ওভার ৩ বল খেলে গড়ে তোলেন শতরান।
অর্ধ-শতক থেকে ৫ রান দূরে থাকতে ইয়ার্ডির বলে 'কট এন্ড বোল্ড' হয়ে যান ক্যামেরন হোয়াইট। অস্ট্রেলিয়ার সংগ্রহ তখন ১৩৩ রান।
স্টিফেন স্মিথ ২ বল খেলে কোনো রান না করেই শাহজাদের বলে বোল্ড হয়ে গেলে আবারও বিপদে পড়ে অস্ট্রেলিয়া শিবির। হরিটজও ২ রানের বেশি সংগ্রহ করতে পারেননি। দলীয়ও সংগ্রহ ১৪২ রানে পৌঁছতেই ব্রেট লি আউট।
১৪২ রানে ৮ উইকেট হারানো অস্ট্রেলিয়ার তখন দেড়শ রানের নিচে গুটিয়ে যাওয়ার আশঙ্কা।
আবারও শন মার্শের প্রতিরোধ, এবার সঙ্গী ডগ বোলিঞ্জার। ১১ ওভার ২ বলে নবম উইকেট জুটিতে রেকর্ড গড়ে দুইজন সংগ্রহ করেন ৮৮ রান।
৩ টি চারের সাহায্যে ৩০ বলে ৩০ রান সংগ্রহ করা ডগ বোলিঞ্জার যখন ট্রেমলেটের বলে আউট হয়ে যান, অস্ট্রেলিয়ার সংগ্রহ তখন ২৩০ রান। পরের বলেই ট্রেমলেট শতক হাঁকানো শন মার্শের উইকেট তুলে নেন। তাই ২৩০ রানেই গুটিয়ে যায় অস্ট্রেলিয়ার ইনিংস।
শন মার্শ ১১০ রানের ইনিংসে বল খেলেছেন ১১৪ টি। তার ব্যাট থেকে এসেছে ৮টি চারের মার, আর ২টি ছক্কা।
আজমল শাহজাদ ৪৩ রানে ৩ উইকেট সংগ্রহ করেন। ক্রিস ট্রেমলেটের ঝুলিতেও জমা পড়ে ৩ উইকেট। সে জন্য তিনি দেন ২২ রান।
২৩১ রানের লক্ষ্যমাত্রায় খেলতে নামা ইংল্যান্ড ১২ রানে হারায় ম্যাট প্রায়রের উইকেট। দলীয় ৩৬ রানের সময় বোলিঞ্জারের জোড়া আঘাতে সাজঘরের পথ ধরেন অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস ও কেভিন পিটারসন।
এরপর জোনাথন ট্রট ও ইয়ান বেল দলের হাল ধরলেও বেশিদূর যেতে পারেননি। তাদের ৪৭ রানের জুটি ভেঙ্গে দেন স্মিথ। ট্রটকে (৩২ ) ডেভিড হাসির তালু বন্দী করেন তিনি। ইংল্যান্ডের সংগ্রহ তখন ৪ উইকেটে ৮৩ রান।
ইয়ান বেল ৩২ রান নিয়ে সাজঘরের পথ ধরলে ইংল্যান্ডের পরাজয় প্রায় নিশ্চিত হয়ে যায়।
এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় ইংল্যান্ডের পালা গুটিয়ে যায় ১৮৪ রানে।
ব্যাটিংয়ের পর বোলিংয়েও দুর্দান্ত নৈপুণ্য দেখিয়েছেন ডগ বোলিঞ্জার। ৯ ওভারে ২৮ রান দিয়ে ৪ উইকেট পেয়েছেন তিনি। ব্রেট লি'র দখলে গেছে ২ উইকেট।
ম্যাচ সেরা হন অস্ট্রেলিয়ার শন মার্শ।
এই জয়ের ফলে সিরিজে ২-০ তে এগিয়ে গেলো অস্ট্রেলিয়া।
তৃতীয় খেলায় দু'দল মুখোমুখি হবে ২৩ জানুয়ারি, সিডনীতে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এনআই/১৯৪০ ঘ.
bdnews24