নড়াইল, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাশরাফি বিন মর্তুজাকে বিশ্বকাপ ক্রিকেট দলে অন্তর্ভুক্ত করার দাবিতে নড়াইলে মানববন্ধন হয়েছে। মাশরাফির জন্মস্থানে এক দিন আগে একই দাবিতে হরতালও হয়।
শুক্রবার সকাল সাড়ে ১১টায় নড়াইল শহরের আদালত সড়কে মানববন্ধন কর্মসূচিতে হাজার খানেক মানুষ অংশ নেয়।
'লাল সবুজের পতাকায় মাশরাফিকে দলে চাই', 'মাশরাফিবিহীন বিশ্বকাপ চাই না', 'মাশরাফিকে দলে ফিরিয়ে আনতে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি' -এ রকম ব্যানার-ফেস্টুন বহন করে কর্মসূচিতে অংশ নেওয়া নড়াইলবাসী।
ঘণ্টাব্যাপী মানবন্ধনের পর সমাবেশে বক্তব্য রাখেন নড়াইল সদর উপজেলা চেয়ারম্যান শরীফ হুমায়ুন কবীর, নজরুল ইসলাম, শরীফ মুনির হোসেন, সাংবাদিক কার্ত্তিক দাস, কাজী হাফিজুর রহমান, মলয় কুণ্ডু প্রমুখ।
সমাবেশে শনিবার সকাল ১১টায় জেলা শহরের চৌরাস্তায় প্রতীক অনশন কর্মসূচি ঘোষণা করা হয়।
বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফিকে চোটের কারণ দেখিয়ে বিশ্বকাপ দলে রাখেননি নির্বাচকরা। ফলে বাংলাদেশে অনুষ্ঠেয় বিশ্ব ক্রিকেটের জমকালো আসরে তার দেখা না যাওয়ার সম্ভাবনা বেশি; যদিও বলা হয়েছে, ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলে বিশ্বকাপে মাশরাফির খেলার সম্ভাবনা রয়েছে।
তবে এ পেসারকে দলে রাখার দাবি জানিয়ে নড়াইলবাসী বিভিন্ন কর্মসূচি পালন করছে। বৃহস্পতিবার জেলায় অর্ধদিবস হরতাল স্বতস্ফূর্তভাবে পালিত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩৪৫ ঘ.
bdnews24