ঢাকা, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্বকাপ ক্রিকেটের পর অধিনায়কের দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন ড্যানিয়েল ভেট্টোরি। এর আগে টেস্ট ক্রিকেটে দলনায়কের দায়িত্ব ছেড়ে দেয়ার ঘোষণা দেন তিনি।
বেসিন রিজার্ভে শেষবারের মতো নিউজিল্যান্ডের টেস্ট দলের নেতৃত্ব দেন ভেট্টোরি। পাকিস্তানের বিপক্ষে ওই টেস্টটি অমীমাংসিতভাবে শেষ হয়।
স্টিফেন ফ্লেমিংয়ের কাছ থেকে ২০০৭ সালে লাগাম হাতে নেয়ার পর ৩২টি টেস্টে দলের নেতৃত্ব দেন তিনি। এদিক দিয়ে তার সামনে রয়েছেন কেবল ফ্লেমিং (৮০ টেস্ট) ও জন রিড (৩২)।
ভেট্টোরি বলেন, "বিশ্বকাপের পর দলনায়কের দায়িত্ব ছেড়ে দেয়ার সিদ্ধান্ত আমি নিয়েছিলাম সাড়ে তিন বছর আগে। তাই আমার সময় শেষ হয়ে আসছে। সেই সঙ্গে অপরিবর্তিত রয়ে গেছে সিদ্ধান্ত।"
টেস্ট অধিনায়ক হিসেবে ভেট্টোরি মোটেও সফল নন। তার নেতৃত্বের তিন বছরে নিউজিল্যান্ড মাত্র ছয়টি টেস্ট জিতেছে। তাও চারটি আবার বাংলাদেশের বিপক্ষে। হেরেছে ১৮টি টেস্টে ও ড্র করেছে ১৩টিতে। এছাড়া ১৩টি সিরিজের মধ্যে নিউজিল্যান্ড হেরেছে নয়টিতে।
অধিনায়কের দায়িত্ব পালনের মেয়াদকালে বল হাতে ধারাবাহিকভাবে সফল হয়েছেন ভেট্টোরি। ৩৩.৩৮ গড়ে উইকেট নেন ১১৬টি। ব্যাট হাতেও সমান দক্ষতা দেখিয়েছেন তিনি। হাঁকিয়েছেন চারটি শতক ও নয়টি অর্ধ-শতক।
অধিনায়কের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেও টেস্ট ক্রিকেট খেলে যাবেন ভেট্টোরি। এ প্রসঙ্গে তিনি বলেন, "টেস্ট ক্রিকেটকে আমি ভালোবাসি। তাই যতদিন সম্ভব আমি খেলে যেতে চাই।"
টেস্ট ক্রিকেটকে এখনো আমার অনেক কিছু দেয়ার আছে বলে জানিয়ে তিনি বলেন, "তাই টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর সময় এখনো হয়নি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এনআই/১৮৫১ ঘ.
bdnews24