ঢাকা, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইউসুফ পাঠানের ব্যাটিংয়ের ওপর ভর করে কেপ টাউনে তৃতীয় একদিনের খেলায় দক্ষিণ আফ্রিকাকে ২ উইকেটে হারিয়েছে ভারত।
প্রথমে ব্যাট করে ৪৯ ওভার ২ বলে ২২০ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। রান তাড়া করতে নেমে ৮ উইকেটে জয়ের লক্ষ্য ২২১ টপকে ২২৩ রানে পৌঁছে যায় ভারত। তখনও হাতে ছিল ১০ বল।
কেপ টাউনের নিউল্যান্ডসে রান তাড়া করতে নেমে ৯৩ রানে ৫ উইকেট হারিয়ে হারের শঙ্কায় পড়ে ভারত।
দলের এ অবস্থায় ব্যাট করতে নেমে ইউসুফ পাঠান ৫৯, সুরেশ রায়না ৩৭ ও হরভজন সিং করেন অপরাজিত ২৩।
মর্নে মরকেল ৩ উইকেট নেন ২৮ রানে। ডেল স্টেইন নেন ২ উইকেট। এজন্য তিনি দেন ৩১ রান।
এর আগে টস জিতে ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা। ডু প্লেসিস ৬০, জেপি ডুমিনি ৫২ ও অধিনায়ক গ্রায়েম ম্মিথ ৪৩ রান করেন।
এছাড়া আর কোনো ব্যাটসম্যান খুব একটা সুবিধা করতে পারেননি।
জহির খান ৩ উইকেট নেন ৪৩ রানে। এছাড়া মুনাফ প্যাটেল ও হরভজন সিং ২টি করে উইকেট নেন।
সেরা খেলোয়াড় হন ইউসুফ পাঠান।
এই খেলায় জিতে পাঁচ ম্যাচের সিরিজে ২-১ এ এগিয়ে গেল ভারত।
চতুর্থ একদিনের খেলা হবে ২১ জানুয়ারি পোর্ট এলিজাবেথে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৯০৩ ঘ.
bdnews24