ঢাকা, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতায় বাংলাদেশকে বাইরে নয়, বরং হিসাবে ধরতে বলেছেন জাতীয় দলের বোলিং কোচ ইয়ান পন্ট।
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "একমাত্র দল হিসেবে বাংলাদেশই নিজেদের সব ম্যাচ খেলবে দেশের মাটিতে। নিঃসন্দেহে এটি আমাদের জন্য বাড়তি সুবিধা।"
আগস্ট থেকে প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানিয়ে তিনি বলেন, "দেশের মাটিতে বাংলাদেশ দারুণ খেলছে। এছাড়া দর্শকরা থাকবেন দ্বাদশ খেলোয়াড় হিসেবে। সব কিছু বিবেচনায় নিলে বাংলাদেশের সম্ভাবনা উজ্জ্বল।" বিশ্বকাপ বড় আসর, এখানে যে কোনো দলই জিততে পারে বলে তিনি মনে করেন।
পন্ট বলেন, বাংলাদেশের সাফল্য মূলত নির্ভর করছে স্পিনারদের ওপর। তবে তাদের জন্য বিশেষজ্ঞ স্পিন কোচের দরকার নেই। এর কারণ হিসেবে তিনি বলেন, "একদিনের খেলার জন্য বাংলাদেশের স্পিন আক্রমণ বিশ্ব মানের। বিশ্ব সেরাদের মধ্যে দু'জন স্পিনার আছে দলে।"
পেসাররাও উন্নতি করছে বলে জানান তিনি। বলেন, "কঠোর পরিশ্রম করছেন তারা। বাংলাদেশের পিচে তাদের ভালো করা খুবই কঠিন। তারপরও খুব ভালো করছে ওরা"। তবে দলে যারাই থাকুক, তারা ভালো করবে বলে আশা করছেন তিনি।
পন্ট বলেন, "ছোট-খাটো কিছু চোট-সমস্যা রয়েছে দলে। এটা অবশ্য স্বাভাবিক।" তবে চোটের কারণে কারো না খেলার সম্ভাবনা নেই বলে জানান তিনি।
তবে মাশরাফি বিন মর্তুজার ব্যাপারে কোনো কথা বলেননি তিনি।
উপমহাদেশে বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতা, অথচ দক্ষিণ আফ্রিকায় ভারত, নিউজিল্যান্ডে পাকিস্তান ও অস্ট্রেলিয়ায় খেলছে ইংল্যান্ড। এটাকে বড় ভুল হিসেবে অভিহিত করেছেন পন্ট।
তিনি মানছেন, তারা সেখানে উঁচু মানের ক্রিকেট খেলছে। কিন্তু ওই পিচে ভালো করা, আর উপমহাদেশে ভালো করা মোটেও এক নয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএম/টিআর/১৮৫০
bdnews24