ঢাকা, ১৮ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতার জন্য ১৫ সদস্যের চূড়ান্ত দলে নেয়া হয়েছে গতির রাজা ব্রেট লি ও শন টেইটকে।
আহত থাকার পরও দলে রাখা হয়েছে রিকি পন্টিং ও মাইক হাসিকে। পিটার সিডল ও জাভিয়ের ডোয়ার্টি বাদ পড়লেও সুযোগ পেয়েছেন ডেভিড হাসি ও অলরাউন্ডার জন হ্যাস্টিংস।
২০০৯ সালের অক্টোবরের পর রোববার ইংল্যান্ডের বিপক্ষে সাত ম্যাচের একদিনের সিরিজের প্রথমটিতে ৩৪ বছর বয়সী লি উইকেট নেন দু'টি। বোলও করেন ঘন্টায় ১৫০ কিলোমিটার গতিতে। তবে ওই ম্যাচে খেলেননি টেইট।
আরো দুই ফাস্ট বোলার মিচেল জনসন ও ডোগ বোলিঞ্জারও ঠাঁই পেয়েছেন দলে।
বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কার উইকেট স্পিনারদের সহায়তা করলেও স্পিনার হিসেবে দলে রাখা হয়েছে শুধু নাথান হরিটজকে। তবে খণ্ডকালীন স্পিনার হিসেবে তাকে সহায়তা দেবেন স্টিভেন স্মিথ ও ডেভিড হাসি।
ব্র্যাড হাডিন থাকার পরও বাড়তি উইকেটরক্ষক হিসেবে দলে রাখা হয়েছে টিম পেইনকে।
দল: শেন ওয়াটসন, ব্র্যাড হাডিন (উইকেটরক্ষক), রিকি পন্টিং (অধিনায়ক), মাইকেল ক্লার্ক, মাইক হাসি, ডেভিড হাসি, ক্যামেরন হোয়াইট, টিম পেইন (উইকেটরক্ষক), স্টিভেন স্মিথ, জন হ্যাস্টিংস, মিচেল জনসন, নাথান হরিটজ, ব্রেট লি, শন টেইট, ডোগ বোলিঞ্জার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/১২২২ ঘ.
bdnews24