ঢাকা, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নিউজিল্যান্ড দ্বিতীয় পালায় কোনো উইকেট না হারিয়ে ৯ রান করেছে। তারপরও পাকিস্তানের চেয়ে পিছিয়ে আছে ১১ রানে। হাতে আছে ১০ উইকেট।
ওয়েলিংটনের বেসিন রিজার্ভে নিউজিল্যান্ডের প্রথম পালার ৩৫৬ রানের জবাবে অধিনায়ক মিসবাহ উল হকের ৯৯ রানের ওপর ভর করে পাকিস্তান ৩৭৬ করলে এগিয়ে যায় ২০ রানে।
উইকেটে আছেন নিউজিল্যান্ডের উদ্বোধনী ব্যাটসম্যান মার্টিন গুপটিল ১ রান নিয়ে। অন্য প্রান্তে ৬ রানে অপরাজিত রয়েছেন অপর উদ্বোধনী ব্যাটসম্যান ব্রেন্ডন ম্যাককালাম। দিনের শেষদিকে মাত্র ৫ ওভার ব্যাট করার সুযোগ পান তারা।
সকালে ২ উইকেটে ১৩৪ রান নিয়ে সোমবার তৃতীয় দিনের খেলা শুরু করে পাকিস্তান। দিনের শুরুতেই আজহার আলী ৬৭ রান করে ফিরে গেলেও বিপদে পড়তে হয়নি দলকে। আজহারের ১৬৯ বলের ইনিংসে চার রয়েছে ৭টি ও ছক্কা একটি।
চতুর্থ উইকেট জুটিতে ইউনিস খান ও মিসবাহ ১৪২ রান তুললে দলের অবস্থা সুসংহত হয়। দলীয় ২৮৬ রানের মাথায় চতুর্থ ব্যাটসম্যান হিসেবে ইউনুস ১০টি চারের সাহায্যে ৭৩ রান করে অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরির বলে জেসি রাইডারের হাতে ধরা পড়েন। তবে খেলে যেতে থাকেন মিসবাহ। মাত্র ১ রানের জন্য শতক পাননি তিনি।
দলীয় ৩৬০ রানের মাথায় ক্রিস মার্টিনের বলে অষ্টম ব্যাটসম্যান হিসেবে সাজঘরের পথ ধরার আগে মিসবাহ করেন ৯৯। তিনি তার ২০৭ বলের ইনিংসটি সাজান ১৬টি চার দিয়ে।
মূলত ইউনুসের ফিরে যাওয়ার পর থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে পাকিস্তান। আক্ষরিক অর্থেই আর কোনো ব্যাটসম্যান খুব একটা সুবিধা করতে পারেননি। এই পরিস্থিতিতে দলের পক্ষে সব চেয়ে বেশি ২২ রান করেন আসাদ শফিক।
নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে মার্টিন ৪ উইকেট নেন ৯১ রানে। ৪ উইকেট নেন ভেট্টোরিও। রান দেন অবশ্য মার্টিনের চেয়ে ৯ বেশি, ঠিক ১০০। ১০২ রান দিয়ে বাকি দু'টি উইকেট নেন টিম সুথি।
দুই ম্যাচের সিরিজে পাকিস্তান এগিয়ে আছে ১-০ ব্যবধানে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৭৩৯ ঘ.
bdnews24