ঢাকা, ১৬ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওয়েলিংটনে দ্বিতীয় টেস্টে অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরির শতকের সুবাদে প্রথম পালায় ৩৫৬ রান করেছে নিউজিল্যান্ড। জবাবে দ্বিতীয় দিন শেষে সফরকারী পাকিস্তান ২ উইকেটে করেছে ১৩৪। এখনো পিছিয়ে আছে ২২২ রানে। হাতে আছে ৮ উইকেট।
আজহার আলী উইকেটে আছেন ৬২ রান নিয়ে। দিনের শেষ বলে উদ্বোধনী ব্যাটসম্যান তৌফিক উমর সাজঘরে ফিরে যাওয়ায় মাঠে নামার সুযোগ পাননি নতুন ব্যাটসম্যান
বেসিন রিজার্ভে শুরুতেই হোঁচট খায় পাকিস্তান। অন্য উদ্বোধনী ব্যাটসম্যান মোহাম্মদ হাফিজ সাজঘরে ফিরে যান ১ রান করে। তখন দলের রান ছিল ২।
কিন্তু দ্বিতীয় উইকেট জুটিতে তৌফিক ও আজহার আলী দলের সঙ্গে ১৩২ রান যোগ করে প্রাথমিক বিপর্যয় সামাল দেন। দিনের শেষ বলে ৭০ রান করে তৌফিক ভেট্টরির বলে মার্টিন গুপটিলের হাতে ধরা পড়ে বিদায় নেন।
নিউজিল্যান্ডের পক্ষে একটি করে উইকেট নেন ভেট্টোরি ও টিম সুথি। এজন্য ভেট্টোরি দেন ২৮ রান। সুথি দেন ৩৭।
এর আগে ৬ উইকেটে ২৪৬ রান নিয়ে রোববার দ্বিতীয় দিনের খেলা শুরু করে নিউজিল্যান্ড। বাকি ৪ ব্যাটসম্যান দলের সঙ্গে যোগ করেন আরো ১১০ রান।
ভেট্টরি ও উইকেটরক্ষক ব্যাটসম্যান রিস ইয়াং সপ্তম উইকেট জুটিতে ১৩৮ রান তুললে নিউজিল্যান্ডের রান সাড়ে তিন শ' ছাড়িয়ে যায়। এরই মধ্যে ইয়াং আদায় করে নেন তার টেস্ট-জীবনের প্রথম অর্ধ-শতক। তার ৫৭ রানের ইনিংসে চার রয়েছে ৬টি।
ভেট্টরি হাঁকান তার টেস্ট-জীবনের ষষ্ঠ শতক। এর তিনটাই পাকিস্তানের বিপক্ষে। ভেট্টোরি তার ১১০ রানের ইনিংসটি সাজান ১০টি চার ও একটি ছক্কা দিয়ে।
পাকিস্তানের পক্ষে উমর গুল ৪ উইকেট নেন ৮৭ রানে। তানভির আহমেদ ৯৩ রানে ৩ উইকেট নেন। ৯৬ রান দিয়ে ২ উইকেট নেন আব্দুর রেহমান।
দুই টেস্টের সিরিজে পাকিস্তান ১-০ তে এগিয়ে আছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/১৯৫৫ ঘ.
bdnews24