ঢাকা, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসানের কাছে আর্থিক সাহায্যের দাবি নিয়ে এসেছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের মেধাবী ছাত্র মো. মিজানুর রহমান। তাকে হতাশ করেন নি সাকিব।
অনুশীলন শেষ করে মাঠ ছাড়ার আগে মিজানের আবেদন শুনে ডেকে নিলেন বন্ধু ও সহ-অধিনায়ক তামিম ইকবালকে। মনযোগ দিয়ে শুনলেন মিজানের কথা, শেষে দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে ভরসা জোগালেন দু'জনেই।
২০০৫ সালে ধানমন্ডি বয়েজ স্কুল থেকে জিপিএ ৫ নিয়ে মাধ্যমিক ও ২০০৭ সালে ঢাকা কলেজ থেকে জিপিএ ৫ নিয়ে উচ্চ মাধ্যমিক পাস করা মিজানের শরীরের নিচের অংশ অসাড়।
চিকিৎসার জন্য প্রয়োজন অন্তত ৮ লাখ টাকা। ৭ লাখ ৪০ হাজার টাকার সংস্থান হয়েছে ইতিমধ্যে। অবশিষ্ট ৬০ হাজার টাকার জন্য টাইগারদের কাছে এসেছিলেন তিনি।
সব শুনে বিশ্বকাপের প্রাথমিক দলের ২৩ সদস্যের কাছ থেকে ১ লাখ ১৫ হাজার টাকা তুলে দেয়ার আশ্বাস দেন সাকিব-তামিম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএম/এনআই/২০০৬ ঘ.
bdnews24