ঢাকা, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাঁচ সপ্তাহ পরই বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী খেলা। কিন্তু এখনো কয়েকটি মাঠ পুরোপুরি তৈরি নয়। তবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রধান নির্বাহী হারুন লরগাতের বিশ্বাস প্রতিযোগিতা শুরুর আগেই বিশ্বকাপের সব ভেন্যুর প্রস্তুতি সম্পন্ন হবে।
যে সব মাঠের প্রস্তুতি এখনো সম্পন্ন হয়নি তার অন্যতম মুম্বাইয়ের ওয়াঙ্কখেরে স্টেডিয়াম। এখানেই বিশ্বকাপের ফাইনাল খেলা হবে। কলকাতার ইডেন গার্ডেনের প্রস্তুতি কাজও এখনো শেষ হয়নি।
মেলবোর্নে বিশ্বকাপের ভেন্যুগুলোর প্রস্তুতি নিয়ে জিজ্ঞাসা করা হলে লরগাত বলেন, " বেশ কয়েকটি স্টেডিয়ামের কাজই আমাদের বেঁধে দেয়া সময়ের মধ্যে শেষ হয়নি। আশা করি দ্রুতই সেগুলোর প্রস্তুতি সম্পন্ন হবে। মাঠের প্রস্তুতির বিষয়ে যে খবর আমি পেয়েছি তাতে আমার বিশ্বাস দিল্লী কমনওয়েলথ গেমসের মত অবস্থা আমাদের হবে না।"
স্টেডিয়ামগুলোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েও সন্তুষ্টি প্রকাশ করেছেন লরগাত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৮৫১ ঘ.
bdnews24