ঢাকা, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষে প্রথম ইনিংসে নিউজিল্যান্ড ৬ উইকেট হারিয়ে তুলেছে ২৪৬ রান।
উইকেটে রয়েছেন অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরি ৩৮ রান নিয়ে এবং অপর প্রান্ত আগলে আছেন রিচে ইয়াং। তার সংগ্রহ ২৮। সপ্তম উইকেট জুটিতে তারা দলীয় স্কোরে দিন শেষে যোগ করেন ৬৬ রান।
ওয়েলিংটনে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা মোটেই ভালো হয়নি নিউজিল্যান্ডের। ব্যক্তিগত ২ রানের মাথায় উমর গুলের বলে এলবিডব্লিউ'র শিকার হয়ে সাজঘরে ফিরে যান উদ্বোধনী ব্যাটসম্যান ব্রেন্ডন ম্যাককালাম। দলীয় রান তখন মাত্র ৩।
দলের ৪৬ রানে ফিরে যান কেন উইলিয়ামস। তিনি ফেরার আগে করেন ২১ রান।
অপর উদ্বোধনী ব্যাটসম্যান মার্টিন গুপটিল করেন ২৯। তানভীর আহমেদের বলে উইকেটের পিছনে ধরা পড়েন তিনি। ফলে ৯৮ রান তুলতেই তিন উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় কিউইরা।
পঞ্চম উইকেট জুটিতে ৬৮ রানের ইনিংস গড়ে দলকে বিপদ থেকে টেনে তুলে এগিয়ে নেন রস টেইলর ও জেমস ফ্রাঙ্কলিন। ওয়াহাব রিয়াজের বলে উইকেটরক্ষক আদনান আকমলের হাতে ক্যাচ দেয়ার আগে ৭৮ রান করেন টেইলর। তার ১৬৮ বলের ইনিংসে দড়ির ওপারে বল পাঠান তিনি ৬ বার এবং হাওয়ায় ভাসিয়ে একবার।
ফ্রাঙ্কলিন ৯৭ বল খরচায় ৩৩ রান করে টেইলরের পথ ধরেন। তার ইনিংসে চার ছিল পাঁচটি। আর কেন উইলিয়ামস করেন ২১।
দু'টি করে উইকেট নেন উমর গুল ও তানভীর আহমেদ। এজন্য গুল ৫৩ এবং তানভীর দেন ৬৩ রান। এছাড়া একটি করে উইকেট নিয়েছেন ওয়াহাব রিয়াজ ও আব্দুর রেহমান।
তারা রান দেন যথাক্রমে ৪৬ ও ৫৩।
দু'টেস্টের সিরিজে প্রথম ম্যাচ জিতে ১-০ ব্যবধানে এগিয়ে আছে পাকিস্তান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/১৮৫১ ঘ.
bdnews24