২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জয় নয়, উন্নতি দেখতে চান মিসবাহ

নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের দুই খেলাতেই জেতা নিয়ে ভাবছেন না পাকিস্তান অধিনায়ক মিসবাহ উল হক। বরং দলের খেলায় আরো উন্নতি দেখতে চান তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2011, 11:44 AM

Updated : 24 Aug 2022, 02:19 PM

ঢাকা, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের দুই খেলাতেই জেতা নিয়ে ভাবছেন না পাকিস্তান অধিনায়ক মিসবাহ উল হক। বরং দলের খেলায় আরো উন্নতি দেখতে চান তিনি। ওয়েলিংটনের ব্যাসিন রিজার্ভে দ্বিতীয় টেস্ট শুরু হবে শনিবার। এরপর দু'দল খেলবে ছয় ম্যাচের একদিনের সিরিজ। উভয় দলই এই সিরিজকে দেখছে বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতার প্রস্তুতি হিসেবে। বিশ্বকাপ শুরু হবে ১৯ ফেব্র"য়ারি বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কায়। কিন্তু মিসবাহ বলছেন, সিরিজ জয় নিয়ে তারা কোনো কথা-বার্তাই বলছেন না। বরং সেডন পার্কের চেয়ে উন্নতির ওপর নজর দিচ্ছেন তারা। সাংবাদিকদের তিনি বলেন, "আসলেই আমরা ভালো খেলতে চাই। দেখতে চাই উন্নতি। এরপর দেখা যাক ফলাফল কি হয়।" ক্রিকেটে আস্থাই আসল বলে মনে করেন পাকিস্তান দলনায়ক। তিনি বলেন, "ভালো খেললে আস্থাও বেড়ে যায়।" তার দলের আস্থা চাঙ্গা রয়েছে বলে জানান তিনি। মিসবাহ মনে করেন হ্যামিল্টনের চেয়ে এই টেস্টে নিউজিল্যান্ড ভালো খেলবে। তিনি বলেন, "নিউজিল্যান্ড আসলেই একটি ভালো দল। যেকোনো সময় যেকোনো দলকে বিপদে ফেলতে পারে।" তাদের হারানো সহজ নয় বলে মনে করেন তিনি। বলেন, কেননা আমাদের চেয়ে 'কন্ডিশন' তাদের অনেক বেশি চেনা। বেসিন রিজার্ভের উইকেট বেশ সবুজ। তাই ধারণা করা হচ্ছে গতির পাশাপাশি বাউন্সও থাকবে উইকেটে। এ প্রসঙ্গে পাকিস্তান অধিনায়ক বলেন, "হ্যামিল্টনের চেয়ে এটি পুরোপুরি অন্য রকম একটি উইকেট। গতি ও বাউন্স সামাল দেয়ার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে।" উইকেট সম্পর্কে মিসবাহর মতো ধারণা নিউজিল্যান্ড অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরিরও। তবে টস জিতলে ব্যাটিং না ফিল্ডিং নেবেন, সে ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেননি তিনি। ভেট্টোরি বলেন, "বেসিন রিজার্ভে আগেভাগে কয়েকটি উইকেট তুলে নেয়া যেতে পারে বটে। কিন্তু অতীতের দিকে তাকিয়ে আমি মনে করছি, স্কোর বোর্ডে ভালো রান জমা করতে পারলে দ্বিতীয় ও তৃতীয় দিন বল হাতে অনেক বেশি সফলতা পাওয়া যায়।" প্রথম টেস্ট জিতে ১-০ ব্যবধানে এগিয়ে আছে পাকিস্তান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৭২৩ ঘ.