ঢাকা, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টের আগে নিউজিল্যান্ড কোচ জন রাইট তার ব্যাটসম্যানদের আরো দেখেশুনে ব্যাট করতে বলেছেন।
ওয়েলিংটনের ব্যাসিন রিজার্ভে এই টেস্ট শুরু হবে শনিবার থেকে।
হ্যামিল্টন টেস্টের দ্বিতীয় পালায় ১১০ রানেই গুটিয়ে যায় নিউজিল্যান্ড। সেই সঙ্গে হার মানে ১০ উইকেটে।
প্রথমদিকের ব্যাটসম্যানদের ভালো খেলতে হবে বলে জানিয়ে রাইট বলেন, "আমদের পরিকল্পনা আসলে সাধারণ। আর তা হলো রান করার জন্য বুঝেশুনে খেলতে হবে।"
এখানে অজুহাত কিংবা ব্যাখ্যা দেয়ার কিছু নেই। ব্যাটসম্যান হিসেবে দলে জায়গা পেলে তার কাজই হবে রান করা বলে জানান নিউজিল্যান্ড কোচ। তিনি বলেন, "উইকেটে টিকে থাকতে হবে। আর উইকেট বিলিয়ে দিয়ে আসা চলবে না।
উপমহাদেশের মতো সেডন পার্কের ধীর গতির উইকেটে নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা মোটেও ভালো করতে পারেননি। তবে ব্যাসিন রিজার্ভের উইকেট থেকে সাধারণত সিমাররাই সহায়তা পেয়ে থাকে বেশি।
এ প্রসঙ্গে রাইট বলেন, "বেশ ঘাস রয়েছে উইকেটে। তাই মনে হচ্ছে বাউন্সের পাশাপাশি বেশ সুইংও রয়েছে।" এতে তার দলের সুবিধাই হবে বলে তিনি মনে করেন।
নিউজিল্যান্ড দলে পরিবর্তন আনা হতে পারে একটি। উদ্বোধনী ব্যাটসম্যান টিম ম্যাকিনটসের জায়গায় খেলতে পারেন অলরাউন্ডার জেমস ফ্রাঙ্কলিন।
ঠিক এভাবেই ভাবছেন নিউজিল্যান্ড অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরিও। তিনি বলেন, " জেসি রাইডার বোল করেন না। কেন উইলিয়ামসনও না। তাই একজন অলরাউন্ডার নিলে দলের লাভই হবে। তবে এ ব্যাপারে আমরা পড়ে সিদ্ধান্ত নেব।"
গত আটটি টেস্টে ছয়বারই দুই অঙ্কের ঘরে যেতে পারেননি ম্যানিকটস। অন্যদিকে পায় দু'বছর ধরে টেস্ট খেলেন না ফ্রাঙ্কলিন। তবে ঘরোয়া প্রতিযোগিতা ও সীমিত ওভারের খেলায় চোখ ঝলসানো খেলা উপহার দিয়েছেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৬২৩ ঘ.
bdnews24