ঢাকা, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অ্যাডিলেডে সিরিজের প্রথম টোয়েন্টি-টোয়েন্টি খেলায় অস্ট্রেলিয়াকে ১ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড।
দুই ম্যাচ সিরিজের শেষ খেলা ১৪ জানুয়ারি, মেলবোর্নে।
অ্যাডিলেড ওভালে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৫৭ রান করে অস্ট্রেলিয়া। জবাবে ৯ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্য ১৫৮ রানে পৌঁছে যায় ইংল্যান্ড।
জয়ের জন্য শেষ বলে প্রয়োজন ১ রান। ইংল্যান্ডের হয়ে প্রথম টোয়েন্টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামা ক্রিস ওকসের প্যাডে লাগে বল। তবে ১ রান নিতে কোনো অসুবিধা হয়নি ইংল্যান্ডের খেলোয়াড়দের।
১৫৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি ইংল্যান্ডের। দলীয় ১৬ রানেই উদ্বোধনী ব্যাটসম্যান স্টিভ ডেভিসকে (৪) হারায় তারা।
অপর উদ্বোধনী ব্যাটসম্যান ইয়ান বেল হাল ধরে খেলতে থাকেন। সঙ্গী কেভিন পিটারসেন। বেল ২৭ ও পিটারসেন ২৫ রান করে সাজঘরের পথ ধরেন। অধিনায়ক পল কলিংউড করেন ১৬। দলীয় সংগ্রহ ৪ উইকেটে ৯৯।
এ অবস্থায় ইয়ন মর্গান দলকে এগিয়ে নিতে থাকেন। যদিও অন্য প্রান্তে নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকে। মর্গান ৩৩ বলে ৪৩ রান করেন। এছাড়া ১৯ রানে অপরাজিত ছিলেন ক্রিস ওকস।
অস্ট্রেলিয়ার শেন ওয়াটসন ৪ উইকেট নেন ১৫ রানে।
এর আগে প্রথমে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটির চমৎকার নৈপুণ্যে বড় সংগ্রহের ভিত পায় অস্ট্রেলিয়া। দু'জনে মিলে ৮৩ রানের জুটি গড়ে তোলেন। ডেভিড ওয়ার্নার ২৮ বলে ৩০ ও শেন ওয়াটসন ৩১ বলে ৫৯ রান করেন। এছাড়া ডেভিড হাসি করেন ২৮।
ম্যাচ সেরা হয়েছেন অস্ট্রেলিয়া শেন ওয়াটসন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/২১৪৭ ঘ.
bdnews24