ঢাকা, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতা উপলক্ষে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল (জেবিএফএইচ) শিশুদের পোলিও টিকা ও ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানোর কর্মসূচি পালন করছে।
'কিপ ফিট হার্ড হিট' শ্লোগানে এই কর্মসূচি দু'মাস ধরে চলবে।
হাসপাতালের পরিচালক মাহবুবুল আলম বাবু মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার জাতীয় টিকা দিবসে
এ কর্মসূচি শুরু হয়েছে। আসন্ন বিশ্বকাপ ক্রিকেট খেলার সময় জেবিএফ হাসপাতালের ৩০ সদস্যের বিশেষজ্ঞ চিকিৎসক দল এবং আইসিইউ এম্বুলেন্সসহ ২৪ ঘণ্টা চিকিৎসা সহায়তা দেবে।
কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এ ঘোষণা দেন বেসরকারি এ হাসপাতালের চেয়ারম্যান জোনাইদ শফিক ও ব্যবস্থাপনা পরিচালক সরদার এ নাঈম।
বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান এবং সহ-অধিনায়ক তামিম ইকবাল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে এই দুই খেলোয়াড়কে সম্মাননা দেওয়া হয়। জেবিএফএইচ হাসপাতাল তাদেরকে আজীবন বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেবে বলে ঘোষনা দেওয়া হয়।
মোহামেডান স্পোর্টিং ক্লাব ক্রিকেট কমিটির চেয়ারম্যান লুৎফর রহমান এবং আইসিসি বিশ্বকাপ-এর টুর্নামেন্ট হোস্ট ডাইরেক্টর আলী হাসান বাবু অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/কেএমএস/১৬১৫ ঘ.
bdnews24