ঢাকা, জানুয়ারি ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - একমাত্র টোয়েন্টি-টোয়েন্টি খেলায় দক্ষিণ আফ্রিকাকে ২১ রানে হারিয়েছে ভারত।
ডারবানে জয়ের লক্ষ্য ১৬৯ রান তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকার পালা থেমে যায় ৯ উইকেটে ১৪৭ রানে।
দলের পক্ষে সবচেয়ে বেশি ৬৭ রান করেন মর্নে উইক। এছাড়া ২৫ রান করেন অধিনায়ক জোহান বোথা।
ভারতের বোলারদের মধ্যে দু'টি করে উইকেট নেন আশীষ নেহরা ও ইউসুফ পাঠান। এ জন্য দু'জনই দেন ২২ রান করে।
এর আগে টস জিতে রোহিত শর্মার অর্ধ-শতকের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ১৬৮ রান করে ভারত, ৬ উইকেট হারিয়ে। শর্মা ৩৪ বলে করেন ৫৩। তিনি তার ইনিংসটি সাজান ৫টি চার ও ২টি ছক্কা দিয়ে।
এছাড়া সুরেশ রায়না ২৩ বলে ৪১ রান করেন। তিনি দড়ির ওপারে বল পাঠান পাঁচবার। এর মধ্যে তিনবার হাওয়ায় ভাসিয়ে।
দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে রাস্টি থেরন ২ উইকেট নেন ৩৯ রানে। এছাড়া একটি করে উইকেট নেন ওয়েন পার্নেল, জোহান বোথা ও জেপি ডুমিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/২২০০ ঘ.
bdnews24