২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

১১৩ রানে পিছিয়ে ইংল্যান্ড

অ্যাশেজের পঞ্চম ও শেষ টেস্টে ইংল্যান্ড এখনো ১১৩ রানে পিছিয়ে আছে। হাতে আছে ৭ উইকেট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2011, 01:08 PM

Updated : 24 Aug 2022, 02:15 PM

ঢাকা, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অ্যাশেজের পঞ্চম ও শেষ টেস্টে ইংল্যান্ড এখনো ১১৩ রানে পিছিয়ে আছে। হাতে আছে ৭ উইকেট। ইংল্যান্ড প্রথম ইনিংসে দ্বিতীয় দিন শেষে ৩ উইকেট হারিয়ে সংগ্রহ করেছে ১৬৭ রান। অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে সব উইকেট হারিয়ে তোলে ২৮০ রান। উইকেটে রয়েছেন অপরাজিত উদ্বোধনী ব্যাটসম্যান অ্যালিস্টার কুক ৬১ রান নিয়ে। অপর প্রান্ত আগলে আছেন জেমস অ্যান্ডারসন। তার সংগ্রহ ১ রান। সিডনিতে প্রথম ইনিংসে ইংলিশদের শুরুটা বেশ ভালোই ছিল। অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস ও অ্যালিস্টার কুকের উদ্বোধনী জুটি তোলে ৯৮ রান। উদ্বোধনী ব্যাটসম্যান অ্যান্ড্রু স্ট্রাউস ৬০ রান করে বেল হিলফেনহসের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরে যান। ৫৮ বলের ইনিংসে দড়ির ওপারে বল পাঠান তিনি আটবার এবং হাওয়ায় ভাসিয়ে একবার। মিচেল জনসনের বলে মাইকেল বিয়ারের হাতে ধরা পড়ার আগে ৭০ বল খরচায় ৩৬ রান তোলেন কেভিন পিটারসেন। মিচেল জনসন ৪২ রান দিয়ে নেন দুই উইকেট। ৫২ রানে একটি মাত্র উইকেট নেন বেল হিলফেনহজ। তার আগে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসের দ্বিতীয় দিনের খেলা শুরু করে ৪ উইকেটে ১৩৪ রান নিয়ে। আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান মাইক হাসি তার ১২ রানে ইনিংসটির সঙ্গে যোগ করেন আর মাত্র ২১ রান। ৩৩ রান করে পল কলিংউডের বলে বোল্ড হন তিনি। বৃষ্টির কারণে সোমবার নির্ধারিত সময়ের আগে প্রথম দিনের খেলা বন্ধ হওয়ায় উইকেটের অন্য প্রান্তে নামার সুযোগ পাননি নতুন ব্যাটসম্যান। খেলা হয়েছিল মাত্র ৫৯ ওভার। ফলে মঙ্গলবার দ্বিতীয় দিন হাসির সঙ্গে ব্যাট করতে নামেন ব্রাড হ্যাডিন। কিন্তু তিনি তোলেন মাত্র ৬ রান। মিচেল জনসন ৬৬ বল খরচ করে ৫৩ রান তুললে তার উইকেট উপড়ে দেন টিম ব্রেসন্যান। তার টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ অর্ধ-শতকে চার ছিল পাঁচটি ও ছক্কা একটি। বেল হিলফেনহস ৩৪ ও স্টিভেন স্মিথ তোলেন ১৮ রান। উভয়ে জেমস অ্যান্ডারসনের বলে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে যান। জেমস অ্যান্ডারসন ৬৬ রানে উইকেট নেন ৪টি। তিনটি উইকেট নেন টিম ব্রেসন্যান। তিনি রান দেন ৮৯। একটি করে উইকেট নেন পল কলিংউড, গ্রায়েম সোয়ান ও ক্রিস ট্রেমলেট। রান দেন তারা যথাক্রমে ৫, ৩৭ ও ৭১। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ইংল্যান্ড ২-১ ব্যবধানে এগিয়ে আছে। সেই সঙ্গে ধরে রেখেছে অ্যাশেজও। জিতলে তো কথাই নেই, এই খেলায় ড্র বা হারলেও ২৪ বছরের মধ্যে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জিতবে ইংল্যান্ড। কারণ তার আগে অ্যাশেজের হোম সিরিজ জিতে এগিয়ে আছে তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/১৮৩৫ ঘ.