২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চাওয়া অনুযায়ী টিকিট মিলছে না তৃতীয় দিনেও

লাইনে দাঁড়িয়ে দীর্ঘ অপেক্ষার পরও যে টিকিট মিলছে, তা নিয়ে অভিযোগ আসছে বিশ্বকাপ ক্রিকেট বিক্রির তৃতীয় দিনেও। অনেকেই অভিযোগ করেছেন, তারা এক খেলার টিকিট চাইছেন, পাচ্ছেন অন্য খেলার। কয়েকটি খেলার টিকিট চেয়ে তার কম পাওয়া যাচ্ছে, এমন অভিযোগও কম নয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2011, 12:45 PM

Updated : 24 Aug 2022, 02:15 PM

ঢাকা, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লাইনে দাঁড়িয়ে দীর্ঘ অপেক্ষার পরও যে টিকিট মিলছে, তা নিয়ে অভিযোগ আসছে বিশ্বকাপ ক্রিকেট বিক্রির তৃতীয় দিনেও। অনেকেই অভিযোগ করেছেন, তারা এক খেলার টিকিট চাইছেন, পাচ্ছেন অন্য খেলার। কয়েকটি খেলার টিকিট চেয়ে তার কম পাওয়া যাচ্ছে, এমন অভিযোগও কম নয়। মিরপুর ১ নম্বর সেকশনে সিটি ব্যাংকের সামনে লাইনে অপেক্ষারত মাহবুব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দুই দিন দাঁড়িয়ে থেকে ব্যাংকে ঢুকতে পেরেছি। ছয়টি ম্যাচের ১২টি টিকিট চাইলেও আমাকে মাত্র দুটি টিকিট দেওয়া হয়েছে।" মতিঝিল অগ্রণী ব্যাংকের আমিনকোর্ট শাখার সামনে সুমনা হক বলেন, "চারটি টিকিট চাইলেও আমাকে মাত্র দুটি দেওয়া হয়েছে। কিন্তু এ ব্যাপারে কারো কাছে অভিযোগ করা যাচ্ছে না।" তীব্র শীত উপেক্ষা করে মঙ্গলবার সকাল থেকেই টোকেন নিয়ে ব্যাংকগুলোর সামনে লাইনে দাঁড়ান হাজার হাজার মানুষ। টোকেন নিয়ে আগে টিকিট পাওয়ার আশায় অনেকেই সারারাত লাইনে দাঁড়িয়ে ছিলেন। রোববার থেকে বিশ্বকাপ ক্রিকেটের টিকিট বিক্রি শুরু হয়েছে সিটি ব্যাংকের ৫০টি ও অগ্রণী ব্যাংকের ৩০টি শাখায়। এর মধ্যে ঢাকায় ব্যাংক দুটির ১২টি শাখায় টিকিট বিক্রি চলছে। অনুমোদিত দুটি ব্যাংকের বিভিন্ন শাখা ঘুরে দেখা গেছে, টিকিট বিক্রির তৃতীয় দিনেও লম্বা লাইনে অপেক্ষা করছেন হাজার হাজার মানুষ। তবে কোন শাখা থেকে কতগুলো টিকিট দেওয়া হবে সে বিষয়ে সুষ্পষ্ট নির্দেশনা না থাকায় অনেকেই টিকিট না পাওয়ার শঙ্কায় রয়েছেন। মঙ্গলবার নতুন করে যারা লাইনে যোগ দিয়েছেন তাদেরকেও টোকেন দেওয়া হয়েছে। তবে গত রোববার যাদেরকে টোকেন দেওয়া হয়েছে তাদের অনেকেই টিকিট পাবেন না বলে দুটি ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন। তবে ২-৩ দিন অপেক্ষা করেও প্রত্যাশিত ম্যাচের টিকিট না পেয়ে অনেকেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফিরোজ পান্থপথের সিটি ব্যাংকের সামনে তিন দিন অপেক্ষা করে টিকিট হাতে পেয়েছেন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বাজে ব্যবস্থাপনার জন্য টিকিট পেতে এতো ভোগান্তি হচ্ছে।" নিজের দেশে বড় আসরের এই খেলা সরাসরি দেখা থেকে বঞ্চিত হতে চান না ক্রিকেটমোদীরা। তাই রোববার থেকে টিকিট বিক্রি শুরু হলেও মঙ্গলবারও প্রতিটি ব্যাংকের সামনে দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন হাজার হাজার মানুষ। আগামী ফেব্র"য়ারি মাসের মাঝামাঝিতে বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কায় বসছে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় আসর। উদ্বোধনী খেলা হবে ঢাকায়। এই প্রথম এ আয়োজনে স্বাগতিক দেশের কাতারে বাংলাদেশ। এখন ব্যাংকে টিকিটের সমপরিমাণ অর্থ নিয়ে একটি ফরম পূরণ করে তার প্রাপ্তি স্বীকার পত্র দেওয়া হচ্ছে এবং একটি ফরম পূরণ করতে হচ্ছে। টাকা জমা দেওয়ার রশিদ দেখিয়েই পরে টিকিটটি সংগ্রহ করা যাবে। ফলে ওই রশিদটিকেই এখন টিকিট বলা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/আরএ/এমআই/১৮৪০ ঘ.