২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপে নাও থাকতে পারেন মালিক, কামরান

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছ থেকে জাতীয় দলের হয়ে খেলার ছাড়পত্র এখনো পাননি সাবেক অধিনায়ক শোয়েব মালিক ও উইকেটরক্ষক ব্যাটসম্যান কামরান আকমল। তাই দেশটির বিশ্বকাপ ক্রিকেট দলে জায়গা নাও পেতে পারেন তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2011, 01:01 PM

Updated : 24 Aug 2022, 02:14 PM

ঢাকা, জানুয়ারি ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছ থেকে জাতীয় দলের হয়ে খেলার ছাড়পত্র এখনো পাননি সাবেক অধিনায়ক শোয়েব মালিক ও উইকেটরক্ষক ব্যাটসম্যান কামরান আকমল। তাই দেশটির বিশ্বকাপ ক্রিকেট দলে জায়গা নাও পেতে পারেন তারা। ম্যাচ পাতানোর সঙ্গে জড়িত থাকার অভিযোগ খতিয়ে দেখার জন্য গঠিত পিসিবির একটি কমিটির প্রশ্নের বিশ্বাসযোগ্য কোনো উত্তর এ দু'জন দিতে পারেননি বলে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান। যুক্তরাজ্যে মালিকের ব্যাংক একাউন্টগুলোর একটিতে যে ৯০ হাজার পাউন্ড জমা দেয়া হয়েছে, সে ব্যাপারে কমিটির কাছে তথ্য রয়েছে। এ বিষয়ে মালিককে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, তার একাউন্টে এই অর্থ কিভাবে এলো, তা তিনি জানেন না। ওই কর্মকর্তা জানান, তার একাউন্টে এত বড় অংকের অর্থ কেন ও কিভাবে এলো তার বিস্তারিত ব্যাখ্যা অলরাউন্ডারকে দিতে হবে। কামরানেরও দুবাইয়ের ব্যাংক একাউন্টে এ ধরনের অর্থ জমা হয়েছে, যার ব্যাখ্যা তিনিও দিতে পারেননি। লেগ-স্পিনার দানিশ কানেরিয়ার বিপক্ষেও এ ধরনের অভিযোগ রয়েছে। তবে ছাড়পত্র পেলেও মালিক ও কামরানের মতো তার বিশ্বকাপ দলে জায়গা পাওয়ার কোনো সম্ভাবনা নেই। এই তিনজনের বিপক্ষে আনুষ্ঠানিকভাবে ম্যাচ পাতানোর কোনো অভিযোগ আনা হয়নি। তবে সন্দেহ করা হচ্ছে তারা ম্যাচ পাতানোর সঙ্গে জড়িত রয়েছেন। তাই জাতীয় দলে খেলার জন্য তাদের প্রমাণ করতে হবে যে তারা ম্যাচ পাতানোর সঙ্গে জড়িত নন। তিন খেলোয়াড়কেই ওই কমিটিতে তলব করা হয়। বৃহস্পতি ও শুক্রবার দীর্ঘ আলোচনার পরও বোর্ড তাদের ব্যাপারে সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। সিদ্ধান্ত মঙ্গলবার দেয়া হবে বলে ধারণা করা হচ্ছে। সেদিনই বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতার জন্য প্রাথমিক ও নিউজিল্যান্ডের বিপক্ষে একদিনের দল নির্বাচন নিয়ে নির্বাচকদের বৈঠকে বসার কথা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এসএনএল/১৮৪১ ঘ.