ঢাকা, জানুয়ারি ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অ্যাশেজ সিরিজের পঞ্চম ও শেষ টেস্টের প্রথমদিন অস্ট্রেলিয়া প্রথম পালায় ১৩৪ রান তুলতেই হারিয়েছে ৪ উইকেট। বৃষ্টি ও পর্যাপ্ত আলোর অভাবে খেলা হয়েছে মাত্র ৫৯ ওভার।
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ১২ রান নিয়ে ব্যাট করছেন মাইক হাসি। উইকেটের অন্য প্রান্তে নামার সুযোগ পাননি নতুন ব্যাটসম্যান। কেননা বৃষ্টির কারণে খেলা বন্ধ হওয়ার আগে দিনের সর্বশেষ বলে উসমান খাজা সাজঘরে ফিরে যান। তবে তিনি তার টেস্ট জীবনের প্রথম খেলায় রেখে যান সম্ভাবনাময় ভবিষ্যতের সাক্ষর।
গ্রায়েম সোয়ানের বলে স্কোয়ার লেগে জনাথন ট্রটের হাতে ধরা পড়ার আগে ৩৭ রান করেন তিনি। তার ৯৫ বলের ইনিংসে ৪ রয়েছে পাঁচটি।
শুরুতেই ১৫ রান করেন উসমান মাত্র ৮ বলে। হয়তো প্রথম টেস্ট খেলার আবেগ ধরে রাখতে পারেননি বলে আক্রমণাত্মক হয়ে উঠেছিলেন। কিন্তু এরপরই টেস্ট খেলার পরিপক্কতা ফুটে উঠতে থাকে তার ব্যাট থেকে। যে ভাবে যে বল খেলা দরকার ঠিক সেভাবেই সে বল খেলছিলেন তিনি। কিন্তু গ্রায়েম সোয়ানের বল সুইপ করতে গিয়ে ঠিক মতো তা খেলতে পারেননি। ব্যাটের উপরের দিকের কানায় লেগে বল উঠে যায় স্কোয়ার লেগে।
ইংল্যান্ডের বোলাররা মেলবোর্নের মতো নিজেদের মেলে ধরতে পারেননি। কিন্তু মধ্যাহ্ন-বিরতির আগের বলে উদ্বোধনী জুটি ভাঙ্গার পর ৭৯ রানের মধ্যে তুলে নেন ৪ উইকেট। দলীয় ৫৫ রানের মাথায় ফিল হিউজেস (৩১) ক্রিস ট্রেমলেটের বলে থার্ড স্লিপে পল কলিংউডের হাতে ধরা পড়েন।
অস্ট্রেলিয়ার ৪৩তম টেস্ট অধিনায়ক হিসেবে মাইকেল ক্লার্ক তার প্রথম ইনিংসে পুরোপুরি ব্যর্থ হন। মাত্র ৪ রান করে টিম ব্রেসন্যানের বলে জেমস অ্যান্ডারসনের হাতে ধরা পড়েন তিনি। তখন দলের রান ছিল ১১৩।
এর আগে ১০৫ রানের মাথায় শেন ওয়াটসন বিদায় নেন ৪৫ রান করে। তিনি তার ১২৭ বলের ইনিংসটি সাজান পাঁচটি ৪ দিয়ে।
ইংল্যান্ডের বোলারদের মধ্যে ব্রেসন্যান ২ উইকেট নেন ৪৭ রানে। এছাড়া ১টি করে উইকেট নেন সোয়ান ও ট্রেমলেট। এজন্য সোয়ান দেন ৬ রান। ট্রেমলেট দেন ৪০।
পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ইংল্যান্ড ২-১ ব্যবধানে এগিয়ে আছে। সেই সঙ্গে ধরে রেখেছে অ্যাশেজও। জিতলে তো কথাই নেই, এই খেলায় ড্র করলেও ২৪ বছরের মধ্যে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জিতবে ইংল্যান্ড।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এসএনএল/১৬৪৩ ঘ.
bdnews24