চট্টগ্রাম, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বন্দর নগরী চট্টগ্রামে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে যারা কাঙ্খিত টিকিট পেয়েছেন তারা খুবই খুশি।
রোববার সকাল ১০টায় চট্টগ্রামে শুরু হয় টিকিট বিক্রি। কিন্তু অত্যন্ত ধীর গতিতে এই টিকিট বিক্রি করা হয় বলে অনেক ক্রেতা অভিযোগ করেছেন।
টিকিটের জন্য শনিবার মধ্যরাত থেকেই নগরীর ওআর নিজাম রোড সিটি ব্যাংক শাখার সামনে লাইনে দাঁড়িয়ে ছিলেন হালিশহর এলাকার বাসিন্দা মামুনুর রশিদ। রোববার দুপুর ২টায় তিনি টিকিট পেয়েছেন।
"বাংলাদেশে বিশ্বকাপের মত এত বড় আয়োজন হবে- এটা ভাবতেই ভালো লাগছে। আর নিজের শহরে স্টেডিয়ামে বসে খেলা দেখব। এ অভিজ্ঞতা তো অসাধারণ।" টিকিট পাওয়ার পর এভাবেই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে নিজের অনুভূতি প্রকাশ করেন মামুুনুর রশিদ।
চট্টগ্রামে সিটি ব্যাংকের পাঁচটি শাখায় রোববার সকাল থেকে টিকিট বিক্রি শুরু হয়। এগুলো হচ্ছে ওআর নিজাম রোড, আন্দরকিল্লা, জুবিলী রোড, চকবাজার ও পাহাড়তলি শাখায়।
রোববার দুপুর পর্যন্ত সবগুলো শাখার সামনে ছিল ক্রিকেটপ্রেমীদের উপচে পড়া ভিড়। তাদের মধ্যে শিক্ষার্থী ও তরুণরাই তুলনামূলক বেশি। আছেন বয়স্করাও।
সিটি ব্যাংকের আন্দরকিল্লা শাখার সামনে নারীদের লাইনে দাঁড়িয়ে ছিলেন জাহানারা বেগম (৫০)। বেলা আড়াইটার দিকে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ভোর রাতে নামাজ পড়ে এসে দাঁড়িয়েছি। ক্লান্ত লাগছে। জানি বয়স বেড়েছে। তাই আগ্রহটা বেশি। বেঁচে থাকতে কি বাংলাদেশে আর কোন বিশ্বকাপ দেখতে পাবো।"
এখানে কয়েকজন ক্রিকেটপ্রেমী অভিযোগ করেন টিকিট বিক্রি ধীর গতিতে চলছে। সরকারি সিটি কলেজের পাঁচ ছাত্র একসঙ্গে এসেছিলেন টিকিট নিতে। তাদের একজন দেবাশিষ দে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "টিকিট পাওয়া যাচ্ছে কিন্তু সময় লাগছে অনেক বেশি। একটি টিকিট পেতে সর্বনিু ১৫ মিনিট থেকে সর্বোচ্চ ৩০ মিনিট পর্যন্ত সময় লাগছে।"
ওআর নিজাম শাখা ও জুবিলী রোড শাখায় ভিড় করা ক্রেতারাও একই অভিযোগ করেন।
টিকিট বিক্রির বিষয়ে সিটি ব্যাংক আন্দরকিল্লা শাখার ব্যবস্থাপক (সেলস এন্ড সার্ভিস) মো. কামরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শান্তিপূর্ণভাবেই টিকিট বিক্রি চলছে।
টিকিট বিক্রিতে বেশি সময় লাগার বিষয়ে জানতে চাইলে তিনি কোন মন্তব্য করতে রাজি হন নি।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ব্যাংকের শাখাগুলোতে নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে। কোথাও কোন হাঙ্গামা হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/কেএমএস/২০২৬ ঘ.
bdnews24