২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফ্রিদি ও ওয়াকারকে শুনানিতে তলব

'স্পট ফিক্সিং'র সঙ্গে জড়িত সন্দেহে পাকিস্তানের তিন ক্রিকেটারের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দুর্নীতি দমন ট্রাইবুনালের শুনানিতে সাক্ষী হিসেবে হাজির হতে বলা হয়েছে শহিদ আফ্রিদি ও ওয়াকার ইউনিসকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2011, 12:52 PM

Updated : 24 Aug 2022, 02:14 PM

ঢাকা, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - 'স্পট ফিক্সিং'র সঙ্গে জড়িত সন্দেহে পাকিস্তানের তিন ক্রিকেটারের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দুর্নীতি দমন ট্রাইবুনালের শুনানিতে সাক্ষী হিসেবে হাজির হতে বলা হয়েছে শহিদ আফ্রিদি ও ওয়াকার ইউনিসকে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক বিবৃতিতে বলা হয়, দু'জনই তাদের সুবিধা অনুযায়ী, টেলি-কনফারেন্স কিংবা স্বশরীরে আইসিসি ট্রাইবুনালে সাক্ষ্য দেবেন। শুনানির সময় নিউজিল্যান্ডে পাকিস্তান টেস্ট খেলবে সে দেশের বিপক্ষে। দেশটির একদিনের দলের অধিনায়ক আফ্রিদি টেস্ট দলে নেই। তাই স্বশরীরে হাজির হতে পারেন তিনি। পাকিস্তান দলের কোচ ওয়াকার থাকবেন নিউজিল্যান্ডে। তাই তার পক্ষে স্বশরীরে হাজির হওয়া সম্ভব নয়। শুনানি দোহায় শুরু হবে ৬ জানুয়ারি। শেষ হবে ১১ জানুয়ারি। 'স্পট ফিক্সিং'র সঙ্গে জড়িত সন্দেহে অভিযুক্ত সালমান বাট, মোহাম্মদ আমির ও মোহাম্মদ আসিফের ভাগ্য নির্ধারিত হবে এই শুনানিতেই। গত বছরের আগস্টে লর্ডস টেস্টে অর্থের বিনিময়ে নো-বল করেন আসিফ ও আমির। আর এতে নাটের গুরু ছিলেন ওই টেস্টের অধিনায়ক সালমান বাট। তিনজনই অভিযোগ অস্বীকার করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এনআই/১৮৩৮ ঘ.