ঢাকা, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংল্যান্ড থেকে দেশে ফিরেই পাকিস্তানের একদিনের দলের অধিনায়ক শহিদ আফ্রিদি বললেন, ক্রিকেট জীবনে মাঠে এবং মাঠের বাইরে এর চেয়ে কঠিন সিরিজ তিনি আর কখনোই খেলেননি।
করাচিতে সাংবাদিকদের আফ্রিদি বলেন, ''ক্রিকেট জীবনের সবচেয়ে কঠিন সিরিজ খেলে দেশে ফিরলাম।''
তিনি একথা স্বীকার করতে মোটেও দ্বিধা করেননি যে, মাঠের বাইরের ঘটনা এবং বিতর্কের কারণেই পুরো দল নাজেহাল অবস্থায় ছিল। এই পরিস্থিতিতে খেলায় মন দেয়াই কঠিন হয়ে পড়েছিল খেলোয়াড়দের জন্য। তারপরও পেশাদারিত্ব এবং ক্রিকেটকে সমুন্নত রাখার জন্যই তারা সিরিজ শেষ করেছেন। এর জন্য আফ্রিদি ধন্যবাদ জানান ইংল্যান্ড ক্রিকেট দলকেও।
আফ্রিদি বলেন, ''মাঠ ও হোটেল ছাড়াও সব জায়গায় প্রতিনিয়ত আমাদের নানা ধরণের বাজে মন্তব্য শুনতে হয়েছে। সহ্যও করে নিতে হয়েছে তা। প্রতিদিন আতঙ্কে থাকতাম নতুন আবার কি খবর বের হলো। এসব সামলে একদিনের সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে সমান তালে লড়েছি।"
তিনি বলেন, "এমন একটা অবস্থায় দলীয় সংহতিই ছিল আমাদের একমাত্র ইতিবাচক দিক। এটাই এই সফরের আসল প্রাপ্তি। আর হ্যাঁ, দলের তরুণ খেলোয়াড়দের প্রশংসা না করলে ওদের প্রতি অন্যায়ই করা হবে।"
ফের টেস্ট দলে ফেরারও আভাস দিয়েছেন আফ্রিদি। তিনি বলেন, দলে তার দরকার এবং নির্বাচকরা তাকে চাইলে তিনি টেস্ট দলে ফিরতে রাজি। এ মাসের শেষের দিকে সংযুক্ত আরব আমিরাতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজেই খেলতে চান তিনি। গত জুলাইতে লর্ডসে অস্ট্রেলিয়ার কাছে হারার পর আফ্রিদি হঠাৎ করেই টেস্ট থেকে বিদায় নেয়ার ঘোষণা দিয়েছিলেন।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাকিস্তান দু'টি টেস্ট, পাঁচটি একদিনের এবং দু'টি টোয়েন্টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/এনআই/১৮২০ ঘ.
bdnews24