ঢাকা, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পঞ্চম ও শেষ খেলায় জিতে একদিনের সিরিজটিও নিজের করে নিল ইংল্যান্ড। বুধবার রাতে সাউদাম্পটনের রোজ বোলে ইয়ন মর্গানের শতকের সুবাদে পাকিস্তানকে ১২১ রানে হারিয়েছে তারা।
ফলে ইংল্যান্ড সিরিজ জিতল ৩-২ ব্যবধানে।
টস জিতে ব্যাটিংয়ে নেমে ইংল্যান্ড ৫০ ওভারে ৬ উইকেটে ২৫৬ রান করে। এতে ছিল মর্গানের ঝকঝকে অপরাজিত ১০৭। এর পুরস্কারও পান তিনি হাতে-নাতে। নির্বাচিত হন ম্যাচের সেরা খেলোয়াড়। জয়ের লক্ষ্য তাড়া করতে গিয়ে ৩৭ ওভারে ১৩৫ রানেই গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস।
আর সিরিজ সেরার পুরস্কার যায় ইংল্যান্ড অধিনায়ক অ্যান্ড্রু স্টাউসের হাতে।
তবে হার-জিত নয়, সিরিজ শেষ করতে পেরেই যেন খুশি দু'দল। ম্যাচ পাতানোর পাল্টাপাল্টি অভিযোগে সিরিজ নিয়েই দেখা দিয়েছিল অনিশ্চয়তা। শেষ পর্যন্ত সিরিজ শেষ হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছে ক্রিকেট-দুনিয়া।
ইংল্যান্ড দলকে ধন্যবাদ জানিয়ে পাকিস্তান অধিনায়ক শহিদ আফ্রিদি বলেন, ''সত্যি বলতে কি, জয় দিয়েই সিরিজ শেষ করতে চেয়েছিলাম। সেটি না পারলেও সফরের এই ফলাফলে আমি খুশি। কারণ খুবই কঠিন একটি সময় পার করেছি আমরা। নানা বিতর্কের পরও সফর যেভাবে শেষ হলো তাতে ক্রিকেটেরই জয় হয়েছে।''
ইংল্যান্ড অধিনায়ক স্টাউস বলেন, ''সত্যিই খুব কঠিন একটা সিরিজ জিতলাম আমরা।" লড়াকু মেজাজের জন্য পাকিস্তানকে ধন্যবাদও জানান তিনি।
ইংল্যান্ড সফরে নিজেকে চিনিয়ে গেলেন শোয়েব আখতার। আগুন ঝড়ানো এক 'স্পেলে' নিয়েছেন ৩ উইকেট, ৪০ রানে। কিন্তু ইংল্যান্ডকে বিপর্যয় থেকে টেনে তোলেন মর্গান এবং পল কলিংউড (৪৭)। এ দু'জনের সুবাদেই লড়াই করার মতো স্কোর তোলে ইংল্যান্ড।
রান তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতে মোহাম্মদ হাফিজ (২৯) এবং কামরান আকমল (৪১) ১২ ওভারে ৬৩ রান করেন। কিন্তু স্টুয়ার্ট ব্রডের পরপর দু'বলে হাফিজ ও আসাদ শফিক (০) সাজঘরে ফিরে গেলে পথ হারিয়ে ফেলে পাকিস্তান। এরপর আর পথে ফিরতে পারেনি। বরং শুরু হয় ব্যাটসম্যানদের যাওয়া-আসার পালা। দেখতে দেখতে পাকিস্তানের ইনিংস থেমে যায় ১৩৫ রানে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিআর/১৭০৩ ঘ.
bdnews24