২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তাজ হোটেল যেন দুর্গ

ভারতে কড়া নিরাপত্তার মধ্যে রয়েছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। রিকি পন্টিংরা এখন চন্ডিগড়ের যে হোটেলে রয়েছেন, সেই তাজ হোটেলটিকে প্রায় দুর্গ বানিয়ে ফেলা হয়েছে। আর তাতে স্বস্তিতেই রয়েছে সফরকারীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2010, 01:20 PM

Updated : 25 Aug 2022, 06:41 PM

ঢাকা, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারতে কড়া নিরাপত্তার মধ্যে রয়েছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। রিকি পন্টিংরা এখন চন্ডিগড়ের যে হোটেলে রয়েছেন, সেই তাজ হোটেলটিকে প্রায় দুর্গ বানিয়ে ফেলা হয়েছে। আর তাতে স্বস্তিতেই রয়েছে সফরকারীরা। অস্ট্রেলিয়া ১৬ দিন থাকবে চন্ডিগড়ে। এর আগে কোনো ক্রিকেট দল একটানা এতদিন থাকেনি শহরটিতে। ২৫ সেপ্টেম্বর সেক্টর ১৬ স্টেডিয়ামে তিনদিনের প্রস্তুতি ম্যাচ খেলতে নামবে তারা। প্রতিপক্ষ ভারতীয় বোর্ড সভাপতি একাদশ। এরপর মোহালিতে ১ অক্টোবর শুরু হবে ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট। তাজের সামনের রাস্তায় নিরাপত্তা বাহিনীর চেকপোস্ট বসানো হয়েছে। যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। টহল দিচ্ছে নিরাপত্তা বাহিনীর আধুনিক গাড়ি। রয়েছে পুলিশের দু'টি নিয়ন্ত্রণ কক্ষও। হোটেলের মধ্যে রয়েছে ব্ল্যাক ক্যাট কমান্ডোরা। খেলোয়াড়রা কোথাও গেলে তাদের সঙ্গে দেয়া হচ্ছে দু'জন করে কমান্ডো। মাঠেও সেই একই অবস্থা। সংবাদিকদের ঢুকতেও যথেষ্ট বেগ পেতে হচ্ছে। কারণ সেই কড়া নিরাপত্তা ব্যবস্থা। দিল্লি কমনওয়েলথ গেমসের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে অনেক দেশই উদ্বেগ প্রকাশ করেছে। তার ছায়া পড়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের উপরে। তবে অধিনায়ক পন্টিং অবশ্য এতে সন্তুষ্ট। বলেছেন, তারা কেবল ক্রিকেট নিয়েই ভাবছেন। অন্য কিছু নিয়ে নয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/এনআই/১৯০৮ ঘ.