ঢাকা, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টোয়েন্টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন্স লিগের গ্র"প পর্বে শেষ পর্যন্ত নিজেদের শেষ ম্যাচে জয়ের দেখা পেয়েছে শ্রীলঙ্কার দল ওয়েম্বা। মিডিয়াম পেসার ইশুরু উদানার হ্যাট্রিকের সুবাদে নিউজিল্যান্ডের দল সেন্ট্রাল ডিস্ট্রিক্টসকে ৭৪ রানের বড় ব্যবধানে হারায় তারা।
প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেটে ১৪৪ রান করে ওয়েম্বা। ১৪৫ রানের জয়ের লক্ষ্য তাড়া করতে গিয়ে মাত্র ৭০ রানেই গুটিয়ে যায় সেন্ট্রাল ডিস্ট্রিক্টস। পুরো ২০ ওভার খেলতে পারেনি তারা, খেলেছে মাত্র ১৫ ওভার ৩ বল।
পোর্ট এলিজাবেথের সেন্ট জর্জেস পার্কে বুধবার জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপদে পড়ে সেন্ট্রাল ডিস্ট্রিক্টস। এরপর আর কখনোই ম্যাচে ফিরতে পারেননি তারা। দলীয় ১৩ রানে অজান্তা মেন্ডিসের বলে মাত্র ২ রান করে ফিরে যান উদ্বোধনী ব্যাটসম্যান পিটার ইনগ্রাম। দলের সঙ্গে আর মাত্র তিন রান যোগ হতেই বিদায় নেন আরো চার ব্যাটসম্যান। এর মধ্যে ১৬ রানেই ফিরে যান তিন ব্যাটসম্যান। আর উদানা পেয়ে যান প্রতিযোগিতার প্রথম হ্যাট্রিক।
তিনি সাজঘরে ফেরত পাঠান ব্রাড প্যাটন, ম্যাথিউ সিনক্লেয়ার ও জর্জ ওয়ার্কারকে।
সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের পক্ষে সবচেয়ে বেশি ১৯ রান করেন বেভান গ্রিজস। এছাড়া ব্রেনডন ডিয়ামেন্টি করেন ১২।
ওয়েম্বার পক্ষে ৩টি করে উইকেট নেন অজান্তা মেন্ডিস ও ইশুরু উদানা। এর জন্য মেন্ডিস ১৪ ও উদানা রান দেন ২২।
এর আগে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ওয়েম্বা। দলের পক্ষে সবচেয়ে বেশি ৩০ রান করেন অধিনায়ক জিহান মুবারক। এছাড়া এমএল উদাওয়াত্তে ২৩ ও মাহেলা জয়াবর্ধনে ২০ রান করেন। আর অন্য ব্যাটসম্যানদের কেউ কোনো সুবিধা করতে পারেননি।
সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের মাইকেল ম্যাসন দুই উইকেট নেন ১৬ রানে।
এরই মধ্যে প্রতিযোগিতা থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে দু'দলেরই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/এনআই/২১০১ ঘ.
bdnews24