ঢাকা, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান ইজাজ বাটের বিরুদ্ধে আইনের আশ্রয় নিতে পারে ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। রোববার রাতে একটি ভারতীয় টিভি চ্যানেলের সঙ্গে সাক্ষাৎকারে বাট বলেছিলেন ওভাল টেস্টে ইংল্যান্ডের কিছু খেলোয়াড় প্রচুর অর্থের বিনিময়ে ম্যাচ ছেড়ে থাকতে পারে।
ইসিবি এবং ইংল্যান্ড দলের পক্ষ থেকে বাটের বক্তব্যকে 'ফালতু এবং দায়িত্বজ্ঞানহীন' বলে উল্লেখ করা হয়েছে। তবে ক্ষুব্ধ ইসিবি ক্রিকেটের বৃহত্তর স্বার্থে পাকিস্তান-ইংল্যান্ড বাকি দু'টি ওয়ানডে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে। তাই সোমবার লর্ডসে পাকিস্তান-ইংল্যান্ড চতুর্থ ওয়ানডে যথারীতি অনুষ্ঠিত হয়েছে।
তবে ইসিবি তাদের প্রতিক্রিয়া কড়া ভাষাতেই জানিয়েছে। তার আগে ইসিবি'র কর্মকর্তারা ইংল্যান্ড অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস এবং কোচ অ্যান্ডি ফ্লাওয়ারের সঙ্গে দীর্ঘ আলাপ সেরে নেয়। তাতে ইংল্যান্ড দলের পক্ষ থেকেও এর কড়া প্রতিবাদ করা হয়।
ইসিবি একইসঙ্গে বাটের বক্তব্যে হতাশা এবং বিস্ময় প্রকাশ করে বলেছে, তারা বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিয়েছে। কারণ এতে ইংল্যান্ড দলকে হেয় করা হয়েছে, যার কোনো ভিত্তি নেই। তাই বাটের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার কথা বিবেচনা করছে ইসিবি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এটি/এনআই/২০০১ ঘ.
bdnews24