ঢাকা, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এবার ম্যাচ গড়াপেটার পাল্টা অভিযোগের তীর ইংল্যান্ডের দিকে নিক্ষেপ করলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান ইজাজ বাট।
ভারতীয় টিভি চ্যানেল এনডিটিভিতে সাক্ষাতকারে তিনি দাবী করেন ওভালে শুক্রবার তৃতীয় ওয়ানডেতে ইংল্যান্ডের কিছু খেলোয়াড় হয়তো বিপুল অংকের অর্থের বিনিময়ে ইচ্ছাকৃতভাবে ম্যাচ ছেড়ে দিয়েছে!
বাট বলেন, ''দেখুন, জয় নিয়ে কখনো কোনো দল ম্যাচ গড়াপেটা করে না। অন্যদিকে জয়ের জন্য ২৪২ রান তাড়া করতে গিয়ে ইংল্যান্ড যেরকম অভাবিতভাবে ১৭ রানে শেষ ৫ উইকেট হারিয়েছে, তা অবশ্যই সন্দেহের উদ্রেক করে। অথচ হাতে উইকেট এবং ওভারও ছিল পর্যাপ্ত।''
এনডিটিভিকে বাট বলেন ''ওভাল ম্যাচে ইংল্যান্ডের কয়েকজন ক্রিকেটারের ম্যাচ গড়াপেটার কথা জুয়ারিমহলে এখন জোর আলোচিত হচ্ছে। শোনা যাচ্ছে ম্যাচে ইচ্ছাকৃতভাবে হারার জন্য তারা বিপুল অংকের অর্থ হাতিয়েছে। খেলার শেষ দিকে ইংল্যান্ডের ব্যাটিং দেখলেই তা না বোঝার কোনো কারণ থাকবে না।''
ওভাল ম্যাচে পাকিস্তানের ইনিংসে তাদের রান করার ধরণ নিয়ে 'দ্য সান' পত্রিকা আইসিসিকে আগাম কিছু তথ্য দিয়েছিল। আইসিসির দাবী, পাকিস্তানের ইনিংসে তা মিলে গেছে। সেজন্যই তারা ওভাল ম্যাচ নিয়ে তদন্তের ঘোষণা দেয়।
কিন্তু এতে নাখোশ পাকিস্তান। পিসিবিকে অন্ধকারে রেখে আইসিসির তদন্ত চালানো পছন্দ হচ্ছে না তাদের। বাট আবারো জোর দিয়ে বলেন ''সারা বিশ্বে পাকিস্তানের ক্রিকেটকে হেয় করার জন্য একটি মহল চক্রান্ত করছে। তাদের খবর পেয়েছে পিসিবি। প্রয়োজন হলে তাদের নাম প্রকাশ করবো।''
এদিকে পাকিস্তানের ম্যাচ গড়াপেটা নিয়ে সে দেশেও এখন সবর্ত্র আলোচনা হচ্ছে। পুরো ঘটনা নিয়মিতভাবে জানানো হচ্ছে পিসিবির প্রধান পৃষ্ঠপোষক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারিকে। ক্রীড়া মন্ত্রনালয় থেকে সমালোচনা করা হচ্ছে পিসিবির কর্তা ব্যক্তিদের। তাদের দাবী, ব্যাপারটি ঠিকমতো সামলাতে পারেনি পিসিবি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/১৬২২ ঘ.
bdnews24