২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে ফিরলেন সাকিব

ইংল্যান্ডের কাউন্টি দল উরস্টারশায়ারে খেলে রোববার দেশে ফিরেছেন জাতীয় ক্রিকেট দলের সহ-অধিনায়ক সাকিব আল হাসান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2010, 02:17 PM

Updated : 25 Aug 2022, 06:39 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইংল্যান্ডের কাউন্টি দল উরস্টারশায়ারে খেলে রোববার দেশে ফিরেছেন জাতীয় ক্রিকেট দলের সহ-অধিনায়ক সাকিব আল হাসান। দুপুরে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সতীর্থদের সঙ্গে দেখা করলেও জাতীয় দলের অনুশীলনে যোগ দেননি সাকিব। ছুটি নিয়ে মাগুরায় নিজ বাড়িতে গেছেন তিনি। আগামী ২৬ সেপ্টেম্বর জাতীয় দলের শিবিরে যোগ দেয়ার কথা রয়েছে তার। এর তিন দিন পরই ঢাকা আসবে নিউজিল্যান্ড ক্রিকেট দল। রোববার জাতীয় দলের দুই নতুন সহকারী কোচ জুলিয়ান ফাউন্টেন এবং ইয়ান পন্টের সঙ্গেও পরিচিত হয়েছেন সাকিব। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কাউন্টি ক্রিকেটে খেলার অভিজ্ঞতা তুলে ধরেন সাকিব। তিনি বলেন ''আমি আমার নৈপুণ্যে খুশি। তবে পুরোপুরি সন্তুষ্ট নই। এর চেয়েও ভালো হতে পারতো। ইংল্যান্ডে প্রতি মুহূর্তেই নতুন নতুন অভিজ্ঞতা হয়েছে আমার। সম্পূর্ণ ভিন্ন আবহাওয়ায় মানিয়ে নিতে হয়েছে আমাকে। আশা করছি এটা আমার ক্রিকেটীয় দক্ষতা বাড়াতে সাহায্য করবে।'' উরস্টারশায়ারের হয়ে সাকিব ১৫ ইনিংসে করেছেন ৩৫৮ রান। নিয়েছেন ৩৫ উইকেট। তাইতো তার দল আগামী মৌসুমের জন্য চুক্তি সেরে ফেলতে চেয়েছিল। কিন্তু ধীরে পা ফেলছেন তিনি। জানালেন ''এমনিতে তারা আমার দেড়মাসের নৈপুণ্যে খুশি। তাইতো নতুন চুক্তির প্রস্তাবও পেয়েছি। কিন্তু এখনই আমি তাদের প্রস্তাবে হ্যাঁ বলতে রাজী নই। দেখা যাক আরো কি অপেক্ষা করছে।'' এ মুহূর্তে বিশ্বের সেরা অলরাউন্ডারদের একজন সাকিব আল হাসান জানালেন ভবিষ্যতে বাংলাদেশের আরো অনেক ক্রিকেটারকেই কাউন্টিতে দেখা যাবে। তবে এখন শুধুই তামিম ইকবালের কাউন্টিতে খেলার সম্ভাবনা দেখছেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমএইচ/২০০৬ ঘ.