২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রিকেটের ভাবমূর্তিই ক্ষুন্ন হচ্ছে : পন্টিং

পাকিস্তান দলের বিরুদ্ধে একের পর এক ম্যাচ গড়াপেটার অভিযোগ আদতে ক্রিকেটেরই ভাবমূর্তি ক্ষুন্ন করছে বলে মনে করছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক রিকি পন্টিং।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2010, 12:40 PM

Updated : 25 Aug 2022, 06:39 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাকিস্তান দলের বিরুদ্ধে একের পর এক ম্যাচ গড়াপেটার অভিযোগ আদতে ক্রিকেটেরই ভাবমূর্তি ক্ষুন্ন করছে বলে মনে করছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক রিকি পন্টিং। রোববার ভারতের উদ্দেশে দেশ ছাড়ে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। তার আগে সিডনি বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন পন্টিং। পাকিস্তান দলের চলতি ইংল্যান্ড সফর ম্যাচ গড়াপেটার অভিযোগে জর্জরিত হচ্ছে। লর্ডস টেস্টে স্পট ফিক্সিংয়ের জন্য নিষিদ্ধ হয়েছেন সালমান বাট, মোহাম্মদ আসিফ এবং মোহাম্মদ আমির। এখন সর্বশেষ ওভালে তৃতীয় ওয়ানডে ম্যাচেও গড়াপেটার অভিযোগ উঠেছে। এ ব্যাপারে পন্টিং বলেন ''গত কয়েকদিন ধরে যা ঘটে চলেছে, তার প্রভাব বিশ্ব ক্রিকেটে পড়তে বাধ্য। তবে আমরা ভারত সফরে পরিস্কার এবং সেরা ক্রিকেট খেলার প্রতিশ্র"তিই দিচ্ছি সকলকে। ক্রিকেটের মর্যাদা ফেরাতে এ সিরিজটি ভূমিকা নিতেই পারে।'' অজি অধিনায়কের মতে পাকিস্তান ক্রিকেট এখন একটা দুঃসময়ের ভেতর দিয়ে চলছে। যত দ্রুত সম্ভব এর থেকে বেরিয়ে আসতে হবে পাকিস্তানকে। তাতে কিছু কঠোর সিদ্ধান্ত নিতে হলেও নেয়া উচিত। ভারত সফরকে পন্টিং কঠিন বলেই মানছেন। বলেছেন ''আমি এ সফরে অলৌকিক কিছু আশা করছি না। খেলোয়াড়দের শুধু বলেছি জান লড়িয়ে দিতে। আশা করছি দুর্দান্ত একটা সিরিজ হবে।'' টেস্ট র‌্যাংকিংয়ে এখন ভারত রয়েছে এক নম্বরে। আর অস্ট্রেলিয়া নেমে গেছে চার নম্বরে। এটি নিয়ে পন্টিং বলেন, তারা ভারত সফর থেকেই র‌্যাংকিংয়ে উঠে আসার লড়াই শুরু করতে চান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এটি/১৮৩৫ ঘ.