ঢাকা, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাকিস্তান ক্রিকেট দলের টানা ম্যাচ গড়াপেটার অভিযোগের পরিপ্রেক্ষিতে নভেম্বরে দুবাইতে পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা সিরিজ ঘিরে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
লন্ডনের 'দ্য ডেইলি টেলিগ্রাফ' খবর দিয়েছে ওই সিরিজে দক্ষিণ আফ্রিকা দলের সিনিয়র খেলোয়াড়রা খেলতে অনীহা প্রকাশ করেছেন।
দুবাইতে পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা পাঁচটি ওয়ানডে, তিনটি টেস্ট এবং দুটি টি টোয়েন্টি ম্যাচ খেলবে। এটি পাকিস্তানেই হওয়ার সূচী ছিল। কিন্তু নিরাপত্তাজনিত কারণে নিরপেক্ষ ভেন্যুতে হচ্ছে।
দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়দের এসোসিয়েশনের প্রধান টনি আইরিশ জানিয়েছেন ''দলের বেশিরভাগ ক্রিকেটারই এই সফরে যেতে আগ্রহী নন। অভিজ্ঞতরা তো বটেই। সবাই পাকিস্তান দলের ঘটনায় সফর নিয়ে উদ্বিগ্ন। এমন অবস্থায় সফরে যাওয়া ঠিক হবে কিনা সেটি নিয়েও প্রশ্ন জেগেছে খেলোয়াড়দের মনে।''
আইরিশ আরো বলেন ''দ্রুত এর সমাধান চাইছেন প্রোটিয়াস ক্রিকেটাররা। তা নাহলে এই ঘটনার রেশ পড়তে পারে দুবাইতেও। আর সেটি হবে খুবই অনাকাংখিত এবং দুঃখজনক। কাজেই ম্যাচ গড়াপেটার এই শংকা নিয়ে দুবাইতে যেতে রাজি নয় অনেক ক্রিকেটারই।''
তবে কারো নাম বলতে রাজি হননি আইরিশ। বলেছেন সেটা বললে খেলোয়াড়রা অনর্থক বিতর্কে জড়িয়ে পড়তে পারেন।
এদিকে সিরিজ নিয়ে অনিশ্চয়তার কথা উড়িয়ে দিয়েছেন দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী জেরাল্ড মাজোলা। তিনি বলেছেন সফর যথারীতি অনুষ্ঠিত হবে। কারণ এটি আইসিসির সূচীতে ছিল।
মাজোলা বলেন ''এই সফর আইসিসির সূচী অনুযায়ী অনেক আগেই দ্বিপাক্ষিক সিরিজ হিসেবে ঠিক হয়ে আছে। কাজেই এই প্রতিশ্রুতি থেকে আমরা সরে আসতে পারি না। সফর বাতিলের তো কোনো প্রশ্ন নেই।''
চলতি ইংল্যান্ড সফরে লর্ডস টেস্টে স্পট ফিক্সিংয়ের কারণে পাকিস্তানের তিন ক্রিকেটার সালমান বাট, মোহাম্মদ আসিফ এবং মোহাম্মদ আমিরকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে আইসিসি। সর্বশেষ শনিবার ওভালে পাকিস্তান-ইংল্যান্ড তৃতীয় ওয়ানডে খেলাতেও গড়াপেটার অভিযোগ উঠেছে। তা তদন্তের ঘোষণা দিয়েছে আইসিসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমএইচ/১৭৪৬ ঘ.
bdnews24