ঢাকা, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাকিস্তান-ইংল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) তদন্ত করার ঘোষণা দেয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
খেলাটির পাকিস্তান ইনিংসের অংশ বিশেষ পাতানো ছিল বলে যে অভিযোগ উঠেছে তা পুরোপুরি মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে তারা।
এক বিবৃতিতে পিসিবি বলেছে ''অর্থহীন সব অভিযোগ। যার কোনো ভিত্তি নেই, প্রমাণ নেই। আইসিসি এখনো পর্যন্ত আমাদের সঙ্গে কোনো যোগাযোগ করেনি। আমরা মিডিয়া থেকে ওমন অভিযোগে শুনেছি মাত্র। আর সেটা শুনেই আইসিসি আমাদের না জানিয়েই তদন্তের ঘোষণা দিয়েছে। অথচ আইসিসির পূর্ণ সদস্য হিসেবে আমাদের সঙ্গে বিষয়টি নিয়ে আগে কথা বলা উচিত ছিল তাদের।''
পিসিবি ওই বিবৃতিতে আরো বলেছে ''আমাদের মনে হয়েছে কোনো একটি মহল পাকিস্তান ক্রিকেট দলের বিপক্ষে এমন অভিযোগ তুলে আলোড়ন তুলতে চাইছে। এতে পাকিস্তান ক্রিকেটের যেমন ক্ষতি হচ্ছে, তেমনি আন্তর্জাতিক ক্রিকেটও তার মর্যাদা হারাচ্ছে।''
গত শুক্রবার ওভালে অনুষ্ঠিত দু'দলের তৃতীয় ওয়ানডেতে পাকিস্তান ইনিংসের কিছু অংশ পাতানো ছিল বলে আইসিসিকে আগাম খবর দেয় লন্ডনের 'দ্য সান' পত্রিকা। তারপরই ফের তোলপাড় ম্যাচ গড়াপেটা নিয়ে। তবে এই ম্যাচ গড়াপেটায় ইংল্যান্ডের কোনো ক্রিকেটারের জড়িত থাকার কথা অস্বীকার করেছে সে দেশের ক্রিকেট বোর্ড।
একই সঙ্গে তারা জানিয়েছে চলতি সফরে পাকিস্তানের বিপক্ষে শেষ দুটি ওয়ানডে ম্যাচও যথারীতি অনুষ্ঠিত হবে। সোমবার লর্ডসে দু'দলের চতুর্থ ওয়ানডে। সিরিজে ইংল্যান্ড এগিয়ে রয়েছে ২-১ ব্যবধানে।
এদিকে শোনা যাচ্ছে লর্ডস টেস্ট কেলেঙ্কারিতে অভিযুক্ত তিন ক্রিকেটার সালমান বাট, মোহাম্মদ আসিফ এবং মোহাম্মদ আমিরকে সাময়িক নির্বাসনে পাঠানো হলেও পাকিস্তান দলে ম্যাচ গড়াপেটার আরো জনাকয়েক হোতা রয়ে গেছে। এদের মধ্যে এক নম্বর হলেন উইকেটরক্ষক কামরান আকমল। তার সঙ্গে সন্দেহের তালিকায় আছেন অনুজ উমর আকমলও।
কামরানের বিরুদ্ধে ম্যাচ গড়াপেটার অভিযোগ অনেক আগেই উঠেছে। সিডনিতে অস্ট্রেলিয়া-পাকিস্তান টেস্টে তার বিস্ময়কর বাজে কিপিং নিয়ে আইসিসির গোয়েন্দারা ইতিমধ্যেই তদন্ত শুরু করেছেন। ওভালে আকমলের ৯ বলে ৫ রান এখন খতিয়ে দেখা হচ্ছে। ম্যাচের ইংল্যান্ড ইনিংসে তিনি আঙুলে ব্যথা পেয়ে মাঠ ছাড়েন।
খেলায় টিম ব্রেসনানের বলে উমর যেভাবে হুক করতে গিয়ে গ্রায়েম সোয়ানকে ক্যাচ দিয়েছেন সেটিও সবার মনে প্রশ্ন তুলেছে। ওই সময়ে ওমন হঠকারী শট উমর কেন নিলেন প্রশ্ন সেটাই।
এমনকি অধিনায়ক শহীদ আফ্রিদি যেভাবে রান আউট হয়েছেন তাতেও সন্দেহ। আফ্রিদি অবশ্য বলেছেন ''ব্যাটটা পরে ফেলেছি আলসেমিতে। আরো উদ্যম দেখানো উচিত ছিল আমার।''
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/১৬৪৬ ঘ.
bdnews24