ঢাকা, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওভালে ইংল্যান্ডকে তৃতীয় ওয়ানডেতে হারানোর পর পাকিস্তানের কোচ ওয়াকার ইউনুস এখন সিরিজ জেতার স্বপ্ন দেখছেন। পাঁচ ম্যাচের সিরিজে পাকিস্তান এখন পিছিয়ে ২-১ এ।
শুক্রবার তৃতীয় ওয়ানডেতে পাকিস্তান নাটকীয়ভাবে ২৩ রানে হারায় ইংল্যান্ড। রিভার্স সুইংয়ের দুর্দান্ত প্রদর্শনী দেখিয়ে ৪২ রানে ৬ উইকেট নিয়ে দলের জয়ের নায়ক হন পাকিস্তানের ফাস্ট বোলার উমর গুল।
ম্যাচ শেষে উৎফুল্ল ওয়াকার বলেন, "এ জয় দলের আত্মবিশ্বাস ফেরাতে সাহায্য করবে। কারণ মাঠে ও মাঠের বাইরের নানা বিতর্ক তরুণ দলটিকে কোণঠাসা করে ফেলেছে। এমন অবস্থায় এ জয়ের খুব দরকার ছিল। আমরা এখন সিরিজে ফিরেছি। লর্ডসে পরের ম্যাচে ব্যবধান ২-২ করতে চাই। তারপর শেষ ম্যাচে ঝাঁপাতে চাই সিরিজ জেতার জন্য। দলের তরুণ ক্রিকেটারদের আমি এটাই বলেছি।"
চলতি ইংল্যান্ড সফরে একাধিক বিপর্যয়ের পরেও দলের পারফরম্যান্সে খুশি ওয়াকার। তিনি বলেছেন, "একেবারে তরুণ এবং অনভিজ্ঞ দল নিয়ে আমরা দু'টি টেস্টে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডকে হারিয়েছি। এখন জিতেছি ওয়ানডেও। আশা করি মাথা উঁচু করে দেশে ফিরতে পারব।''
সোমবার লর্ডসে পাকিস্তান-ইংল্যান্ড চতুর্থ ওয়ানডে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এনআই/১৯৫৬ ঘ.
bdnews24