ঢাকা, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চ্যাম্পিয়ন্স লীগে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারাল সাউথ অস্ট্রেলিয়া।
শুক্রবার ডারবানের কিংসমিডে টসে জিতে প্রথমে ব্যাট করে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ১৯ ওভার ৫ বলে ১৫৪ রানে অলআউট হয়ে যায়। জবাবে ১৮ ওভার ৩ বলে মাত্র ২ উইকেট হারিয়ে ১৫৫ রান তুলে জয়ের ঠিকানায় পৌঁছে যায় সাউথ অস্ট্রেলিয়া।
টানা তিন ম্যাচ জিতে সাউথ অস্ট্রেলিয়া সেমিফাইনালের পথে এগিয়ে গেল। পয়েন্ট ৬। ওদিকে দুই ম্যাচের একটিতে জয় ও অপরটিতে হেরে ব্যাঙ্গালোরের পয়েন্ট ২।
অধিনায়ক মাইকেল ক্লিঙ্গার ৫৭ বলে ১ ছক্কা এবং ৯ বাউন্ডারিতে অপরাজিত ৬৯ রান করে সাউথ অস্ট্রেলিয়ার জয়ে সবচেয়ে বড় ভূমিকা নেন। তিনি এবং ড্যানিয়েল হ্যারিস (৩৮ বলে ৫৭ রান) প্রথম উইকেটে ১২৪ রানের জুটি গড়েই ম্যাচ থেকে ছিটকে দেন ব্যাঙ্গালোরকে। ক্লিঙ্গারের সঙ্গে শেষ পর্যন্ত ২১ রানে অপরাজিত ছিলেন কুলাম ফার্গুসনও।
এর আগে ব্যাঙ্গালোরের পক্ষে রস টেলর এবং ডিলন প্রিজ ছাড়া আর কোনো ব্যাটসম্যান হাত খুলে মারতে পারেননি। ২৮ বলে ১ ছক্কা এবং ৮ বাউন্ডারিতে ৪৬ রান করেন টেলর। আর ৪ ছক্কা এবং ১ বাউন্ডারিতে ২৫ বলে ৪৬ রান করেন প্রিজও। এ ছাড়া ক্যামেরন হোয়াইট করেন ২৫ রান।
সাউথ অস্ট্রেলিয়ার ডান হাতি ফাস্ট বোলার ড্যানিয়েল ক্রিস্টিয়ান ছিলেন সবচেয়ে সফল বোলার। ২৩ রানে ৪ উইকেট নেন তিনি। দুটি করে উইকেট পান শন টেইট এবং গ্যারি পুটল্যান্ড।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/০০৫০ ঘ.
bdnews24