২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অবশেষে জয় পেল পাকিস্তান

যে জয়ের জন্য অপেক্ষা করছিলেন পাকিস্তানের ওয়ানডে অধিনায়ক শহীদ আফ্রিদি, অবশেষে সে জয় পেলেন তিনি। শুক্রবার ওভালে নাটকীয়তায় ভরা তৃতীয় একদিনের ম্যাচে ইংল্যান্ডকে ২৩ রানে হারাল পাকিস্তান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2010, 01:03 PM

Updated : 25 Aug 2022, 06:39 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - যে জয়ের জন্য অপেক্ষা করছিলেন পাকিস্তানের ওয়ানডে অধিনায়ক শহীদ আফ্রিদি, অবশেষে সে জয় পেলেন তিনি। শুক্রবার ওভালে নাটকীয়তায় ভরা তৃতীয় একদিনের ম্যাচে ইংল্যান্ডকে ২৩ রানে হারাল পাকিস্তান। টসে জিতে প্রথমে ব্যাট করে পাকিস্তান ৪৯ ওভার ৪ বলে ২৪১ রানে অলআউট হয়ে যায়। জবাবে ইংল্যান্ড ৪৫ ওভার ৪ বলে অলআউট হয়ে যায় ২১৮ রানে। পাঁচ ম্যাচের সিরিজে এখনো টিকে রইল পাকিস্তান। সফরকারীরা এখন পিছিয়ে ২-১ ম্যাচে। পাকিস্তানের জয়ের নায়ক ছিলেন ফাস্ট বোলার উমর গুল। ৪২ রানে ৬ উইকেট নিয়ে তিনিই ধসিয়ে দেন ইংল্যান্ডকে। একদিনের ম্যাচে এখন পর্যন্ত এটাই গুলের সেরা বোলিং নৈপুণ্য। জয়ের জন্য ২৪২ রানের লক্ষ্যে খেলতে নেমে অধিনায়ক অ্যান্ড্রু স্টাউসের ৫৪ বলে ৮ বাউন্ডারিতে সাজানো ৫৭ রান সত্ত্বেও একসময় ১০৩ রানে ৫ উইকেট হারিয়ে বিপদে পড়েছিল ইংল্যান্ড। সেখান থেকে ইউয়িন মর্গান এবং লিউক রাইট স্বাগতিকদের পথে ফেরান। দুজনে গড়েন ৯৮ রানের জুটি। কিন্তু ৬১ রানে গুলের বলে মর্গান আউট হতেই ধসে পড়ে ইংল্যান্ড। রাইট করেন ৪৮ রান। স্বাগতিকরা শেষ ৫ উইকেট হারায় ১৮ রানে। আব্দুল রাজ্জাকের বলে জেমস অ্যান্ডারসন বোল্ড হতেই ম্যাচ জেতে পাকিস্তান। এর আগে ব্যাট করতে নেমে পাকিস্তান শুরুতেই বিপদে পড়েছিল। ১ রান করেই ইংল্যান্ডের পেসার জেমস অ্যান্ডারসনের বলে উইকেটরক্ষক ডেভিসের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন অন্যতম উদ্বোধনী ব্যাটসম্যান মোহাম্মদ হাফিজ। ৫ রান করে কামরান আকমল বোল্ড হন টিম ব্রেসনানের বলে। দলের ৩১ রানের মাথায় অভিজ্ঞ ব্যাটসম্যান মোহাম্মদ ইউসুফ ব্যক্তিগত ১৬ রানে অ্যান্ডারসনের বলেই এলবিডব্লিউ হন। চতুর্থ উইকেটে ফাওয়াদ এবং আসাদ শফিক ৬৪ রানের জুটি গড়েন। ব্যক্তিগত ৪০ রানে শফিক অফ-স্পিনার গ্রায়েম সোয়ানের বলে মর্গানের হাতে ক্যাচ দেন। আর উমর আকমল ফেরেন ১৪ রানে। ফাওয়াদ আলম দলের পক্ষে সর্বোচ্চ ৬৪ রান করে ইয়ার্ডির বলে স্ট্রাউসের হাতে ধরা পড়েন। আফ্রিদি করেন ৩৪ এবং আব্দুল রাজ্জাক সংগ্রহ করেন ৩১ রান। জেমস অ্যান্ডারসন ২৬ ও টিম ব্রেসনান ৫১ রানে ৩টি করে উইকেট নেন। এছাড়া একটি করে উইকেট নেন ইয়ার্ডি, ব্রড ও সোয়ান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/০১৫৫/ ঘ.