ঢাকা, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ) - ক্রিকেটে জুয়ারিদের ম্যাচ গড়াপেটা নিয়ে নতুন তথ্য জানালেন ভারতের বাঁ-হাতি পেস বোলার ইরফান পাঠান। বললেন, ভারতের হয়ে একটি সিরিজ খেলার সময় তিনি 'জনৈক ব্যক্তির' কাছ থেকে বেশ কিছু দামী উপহার পেয়েছিলেন। কিন্তু তিনি সেগুলো ফিরিয়ে দিয়ে তৎক্ষনাৎ ব্যাপারটি দলের ম্যানেজারকে জানান। ইরফানের ধারণা ওই অচেনা আগন্তুকের জুয়ারি হওয়ার সম্ভাবনাই বেশি।
তবে ইরফান কোন দেশের বিপক্ষে কখন ওই সিরিজ খেলার সময় উপহারগুলো পেয়েছিলেন তা জানাননি। এই বাঁ-হাতি ফাস্ট বোলার বর্তমানে ভারতীয় দলের বাইরে রয়েছেন। শেষ খেলেছিলেন ২০০৯ সালের ফেব্র"য়ারিতে কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে একটি ওয়ানডেতে।
২৫ বছর বয়সী ইরফান বলেন, ''আমি দলের সঙ্গে হোটেলে ছিলাম। এমন সময় একজন অচেনা ব্যক্তি আমার সঙ্গে পরিচিত হয়ে আলাপ জুড়ে দেয়। পরে সে আমার রুমে তিনটি ভীষণ দামী উপহার পাঠায়। যেগুলো কেনার সামর্থ্য আমার ছিল না। তারপর আরো দুটো দামী উপহার সে আমার রুমে পাঠায়। তখন আমি ব্যাপারটি টিম ম্যানেজারকে জানাই। তিনি সেটি জানান আইসিসি'র দুর্নীতি দমন বিভাগকে।''
ইরফান জানান ওই ঘটনার পর আর কখনোই ওই আগন্তুককে দেখেননি তিনি। তিনি বলেন, '' উপহারগুলো ফিরিয়ে দিয়ে এবং পুরো ঘটনাটি টিম ম্যানেজারকে জানিয়ে আমি গর্ব অনুভব করেছিলাম। কারণ এটাই ছিল করণীয়। সে মুহূর্তে সেটাই ছিল উচিত কাজ।''
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এনআই/১৮৪৮ ঘ.
bdnews24