২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দোষী প্রমাণিত হলে কঠোর শাস্তি

ক্রিকেটে ম্যাচ গড়াপেটা নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রেসিডেন্ট শারদ পাওয়ার এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান ইজাজ বাট কঠোর অবস্থান নিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2010, 10:07 AM

Updated : 25 Aug 2022, 06:39 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্রিকেটে ম্যাচ গড়াপেটা নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রেসিডেন্ট শারদ পাওয়ার এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান ইজাজ বাট কঠোর অবস্থান নিয়েছেন। দিল্লিতে আলোচনা শেষে পাওয়ার হুশিয়ারী দিয়েছেন, কোনো ক্রিকেটার দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। ইজাজও বলে দিয়েছেন, ''অপরাধ প্রমান হলে ১৮ বছরের মোহাম্মদ আমিরকেও কঠিন শাস্তি ভোগ করতে হবে। বয়স কম বলে কোনো ছাড় দেয়া হবে না।'' তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কাউকেই দোষী বলতে রাজি নন তিনি। পাকিস্তানের তিন ক্রিকেটারের বিরুদ্ধে উঠা 'স্পট ফিক্সিং'য়ের অভিযোগের তদন্ত দ্রুত শেষ হয়ে যাবে বলে জানান পাওয়ার। লর্ডস টেস্টে ম্যাচ গড়াপেটায় জড়িত থাকার অভিযোগে সালমান বাট, মোহাম্মদ আসিফ এবং মোহাম্মদ আমিরকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে আইসিসি। আইসিসি প্রেসিডেন্ট বলেন ওই তিন ক্রিকেটারের নিষেধাজ্ঞার ব্যাপারটিও তদন্ত শেষ হওয়ার পর নতুন করে পর্যালোচনা করা হবে। এরইমধ্যে আইসিসির চিঠির জবাব দিয়েছেন সালমান, আসিফ এবং আমির। চিঠিতে তারা নিজেদের নির্দোষ দাবী করে নিষেধাজ্ঞার ব্যাপারটি নতুন করে বিবেচনার অনুরোধ করেছেন আইসিসিকে। শারদ পাওয়ার জানান, তদন্তের ব্যাপারে কোনো হস্তক্ষেপ করবে না আইসিসি এবং পিসিবি। স্কটল্যান্ড ইয়ার্ড তদন্ত চালাচ্ছে। ইজাজ বাট বলেন পাওয়ারের সঙ্গে সালমান বাটদের ব্যাপারে তার কথা হলেও তিনি জানিয়ে দিয়েছেন ম্যাচ গড়াপেটার ব্যাপারে কোনো খেলোয়াড়কেই ছাড় দেয়া হবে না। সভায় পাকিস্তান-ভারত ক্রিকেট দ্বিপাক্ষিক সফর শুরু করার ব্যাপারেও আলোচনা হয়েছে বলে জানিয়েছেন দুই ক্রিকেট কর্মকর্তা। এমনিতে ২০০৮ সালে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার পর থেকে দুদেশের ক্রিকেট সিরিজ বন্ধ রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/১৫৩২ঘ.