ঢাকা, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলির নামের আগে 'ভূমিদস্যু' বিশেষণ লাগতে পারে। অবিশ্বাস্য এমন অভিযোগ খোদ কলকাতাতেই উঠেছে!
সৌরভের বিরুদ্ধে সুপ্রীম কোর্ট একটি জবাবদিহির নোটিশ পাঠিয়েছে। তাতে অভিযোগ করা হয়েছে কলকাতার অভিজাত এলাকা সল্ট লেকের চলতি বাজার মূল্যে ৭ কোটি টাকার একটি জমি সৌরভ মাত্র এক কোটি টাকায় হাতিয়ে নিয়েছেন।
এই মূল্যেই জমিটি তাকে দিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার।
এর বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে আপিল হয়েছিল। সেটি পরে খারিজ হয়ে যায়। কিন্তু 'হিউম্যানিটি' নামের একটি সংগঠন হাল না ছেড়ে বিষয়টি সর্বোচ্চ আদালতে তোলে। সেখান থেকেই সৌরভকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।
আদালত তাকে জবাব দেয়ার জন্য চার সপ্তাহ সময় দিয়েছে। আদালত জানায়, জমি ক্রয়ের ব্যাপারে দুর্নীতি হলে তা খতিয়ে দেখা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এনআই/২০০৫ ঘ.
bdnews24