২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুম্বাইকে হারাল সাউথ অস্ট্রেলিয়া

চ্যাম্পিয়ন্স লীগ টি টুয়েন্টিতে দারুণ জমে ওঠা ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সকে ৫ উইকেটে হারিয়েছে সাউথ অস্ট্রেলিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2010, 03:57 PM

Updated : 25 Aug 2022, 06:38 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চ্যাম্পিয়ন্স লীগ টি টুয়েন্টিতে দারুণ জমে ওঠা ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সকে ৫ উইকেটে হারিয়েছে সাউথ অস্ট্রেলিয়া। মঙ্গলবার ডারবানের কিংসমিডে টসে জিতে প্রথমে ব্যাট করে মুম্বাই ইন্ডিয়ান্স ২০ ওভারে ৭ উইকেটে ১৮০ রানের বড় সংগ্রহ গড়ে। জবাবে ১৯.৩ ওভারে ৫ উইকেটে ১৮২ রান তুলে ম্যাচ জেতে সাউথ অস্ট্রেলিয়া। জয়ের জন্য ১৮১ রান তাড়া করে দুই উদ্বোধনী ব্যাট্সম্যান মাইকেল ক্লিঙ্গার এবং ড্যানিয়েল হ্যারিসের শতরানের (১১২) জুটিতে সাউথ অস্ট্রেলিয়া চমৎকার একটি ভিত পেয়ে যায়। ক্লিঙ্গার ৪৮ বলে ৩ ছক্কা এবং দুই বাউন্ডারিতে ৫০ রান করেন। সঙ্গী হ্যারিস ৩ ছক্কা এবং ৪ বাউন্ডারিতে ৩৭ বলে করে যান ৫৬ রান। এরপর সাউথ অস্ট্রেলিয়া দ্রুত চার উইকেট হারালেও জয়ের ঠিকানায় পৌঁছাতে তাদের অসুবিধা হয়নি। বোরগাস ৫ বলে অপরাজিত ১৪ এবং কুপার ৫ বলে হার না মানা ১৯ রান করে দলকে দুর্দান্ত এক জয় এনে দেন। দুটি করে উইকেট নেন মুম্বাইয়ের লাসিথ মালিঙ্গা এবং আলি মুর্তাজা। এর আগে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে মুম্বাই ইন্ডিয়ান্স। দলীয় মাত্র ৪ রানে অন্যতম উদ্বোধনী ব্যাটসম্যান শিখর ধাওয়ান (২) গ্যারি পুটল্যান্ডের বলে আউট হয়ে যান। ক্যাচ নেন উইকেটরক্ষক গ্রাহাম মানু। ২৮ বলে ২০ রান করে সাউথ অস্ট্রেলিয়ার বাঁহাতি স্পিনার ও'ব্রায়েনের বলে বোল্ড হয়ে যান মুম্বাইয়ের অধিনায়ক শচীন টেন্ডুলকার। জেপি ডুমিনিও মাত্র ৩ রানে ও'ব্রায়েনের হাতেই ফিরতি ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। তবে আম্বাতি রাইডু ৩২ বলে ৩৮ রান করে বিপর্যয়ে ঠেকা দেন। তারপর সৌরভ তিওয়ারি এবং কিরন পোলার্ডের ব্যাটিং ঝড়ে বড় পুঁজি গড়ে মুম্বাই। ২৫ বলে ৪ ছক্কা এবং এক বাউন্ডারিতে ইনিংস সর্বোচ্চ ৪৪ রান করে যান সৌরভ। ২১ বলে তিন ছ্ক্কা এবং দুই বাউন্ডারিতে ৩৬ রান করেন পোলার্ড। শেষ দিকে অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো ৪ বাউন্ডারিতে অপরাজিত ২২ রান করলে লড়াকু সংগ্রহ পায় মুম্বাই ইন্ডিয়ান্স। ৪৯ রানে ২ উইকেট নিয়ে সাউথ অস্ট্রেলিয়ার সেরা বোলার ছিলেন বাঁ হাতি স্পিনার ও'ব্রায়েন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এসএনএল/০০৫৫ ঘ.