২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ সফরে ডাক পেয়ে বিস্মিত ও আনন্দিত বেনেট

আসন্ন বাংলাদেশ সফরে নিউজিল্যান্ড ক্রিকেট দলে ডাক পেয়ে একই সঙ্গে আনন্দিত এবং বিস্মিত কিউই ফাস্ট বোলার হামিশ বেনেট। নিজেকে ভাগ্যবানই মনে করছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2010, 02:30 PM

Updated : 25 Aug 2022, 06:37 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আসন্ন বাংলাদেশ সফরে নিউজিল্যান্ড ক্রিকেট দলে ডাক পেয়ে একই সঙ্গে আনন্দিত এবং বিস্মিত কিউই ফাস্ট বোলার হামিশ বেনেট। নিজেকে ভাগ্যবানই মনে করছেন তিনি। এ মাসের শেষ সপ্তাহেই বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড। খেলবে পাঁচটি একদিনের ম্যাচ। সবগুলো ম্যাচই হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। প্রথম ম্যাচ ৫ অক্টোবর। দু'দিন আগে বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের একদিনের সিরিজের জন্য ১৫ সদস্যের নিউজিল্যান্ড দল ঘোষণা করা হয়েছে। দলে একমাত্র নতুন মুখ হিসেবে ডাক পেয়েছেন ২৩ বছর বয়সী ডানহাতি এ পেস বোলার। তবে ক্রিজে তিনি বাঁহাতি ব্যাটসম্যান। কিউইদের ঘরোয়া ক্রিকেটে তেমন উল্লেখযোগ্য পারফরমেন্স ছিল না বেনেটের। ৩৭.২৯ গড়ে ২৪ উইকেট। কিন্তু তার মাঝে প্রকৃত ফাস্ট বোলারের উপাদান খুঁজে পেয়েছেন কোচ মার্ক গ্রেটব্যাচ। কোচের মতে বাংলাদেশ সফরে পাওয়া সুযোগটা কাজে লাগিয়ে নিজেকে প্রমাণ করবে বেনেট। নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে বেনেট বলেন '' আমি একই সঙ্গে খুশি এবং বিস্মিত। গ্রেটব্যাচ আমাকে টেক্সট ম্যাসেজ পাঠিয়ে জানিয়েছিলেন তাকে ফোন করার জন্য। ভেবেছিলাম জিম্বাবুয়েতে 'এ' দলের হয়ে খেলার জন্য আমাকে প্রস্তাব দেবেন তিনি। কিন্তু মিনিট দশেক এটা সেটা নিয়ে আলাপ করার পর হঠাৎ গ্রেটব্যাচ জানতে চান আমি বাংলাদেশে ওয়ানডে সিরিজ খেলার জন্য যেতে রাজি কিনা? এমন প্রস্তাবে না করে কোণ বোকা। সঙ্গে সঙ্গে বিস্ময় চেপে আমি হ্যাঁ বলে দেই।'' চার বছর আগে নিউজিল্যান্ডের উঠতি প্রতিভাদের নিয়ে গড়া দলে জায়গা করে নিয়েছিলেন বেনেট। খেলেছেন ২০০৬ সালের অনুর্ধ্ব -১৯ বিশ্বকাপেও। কিছুদিন আগে গিয়েছিলেন অস্ট্রেলিয়া সফরে। কিন্তু সাফল্য পাননি। তারপরও তার ওপর আস্থা রেখেছেন কোচ এবং নির্বাচকরা। বেনেট বলেছেন '' অস্ট্রেলিয়া সফরে সাফল্য না পেলেও প্রচুর শিখেছি। যেটা আমাকে আরো পরিণত হতে সাহায্য করবে। বাংলাদেশ সফরটাও তাই। আশা করি ওখানে ওয়ানডে সিরিজে খেলার সুযোগ পাব। জাতীয় দলে নিজের অভিষেকটা কাজে লাগাতে চাই। যদিও জানি উপমহাদেশের পরিবেশ ও পিচ পেসারদের জন্য তেমন সহায়ক নয়।'' বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এসএনএল/২০২৬ ঘ.