ঢাকা, সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শ্রীলঙ্কার সাবেক ফাস্ট বোলার চামিন্ডা ভাস জানিয়েছেন, দীর্ঘ ১৬ বছরের আন্তর্জাতিক খেলোয়াড়ি জীবনে তিনি কখনোই জুয়াড়িদের কাছ থেকে কোনো প্রস্তাব পাননি।
বলেছেন "১৬ বছরের খেলোয়াড়ি জীবনে কখনোই কেউ ম্যাচ পাতানোর কোনো প্রস্তাব নিয়ে আমার কাছে আসেনি। তবে জুয়াড়িদের নিয়ে ক্যারিয়ারের শেষ দিকে আমি সচেতন ছিলাম। আর সত্যিই কেউ এলে আমি আমার সততা দিয়ে তার মোকাবিলা করতাম।"
শ্রীলংকার হয়ে ১১১ টেস্টে ৩৫৫ এবং ৩২২ ওয়ানডেতে ৪০০ উইকেট নেয়া এই বাঁহাতি বোলার বলেছেন, ক্রিকেটারদের এখন ম্যাচ গড়াপেটার চক্র থেকে সচেতনভাবে দূরে থাকা উচিত। একই সঙ্গে সংশ্লিষ্ট দেশের বোর্ডকেও কার্যকর পদক্ষেপ নিতে হবে।
ভাসের মতে, "কোনো ক্রিকেটার ম্যাচ গড়াপেটার প্রস্তাব পেলে সাথেসাথে তা বোর্ড এবং আইসিসিকে জানানো উচিত। জুয়াড়িদের প্রস্তাবে রাজি হয়ে তাৎক্ষনিকভাবে লাভবান হওয়া গেলেও পারে এক সময় এর জন্য পস্তাতেই হবে। কারণ এটি দেশ এবং ক্রিকেটের সঙ্গে প্রতারণা। যার ক্ষমা নেই।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এসএনএল/২০১৪ ঘ.
bdnews24