২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবারো হেরেছে পাকিস্তান

দ্বিতীয় একদিনের খেলায় ইংল্যান্ড ৪ উইকেটে জিতেছে পাকিস্তানের বিপক্ষে। অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউসের শতকের ওপর ভর করে জয়ের লক্ষ্য ২৯৫ রানে পৌঁছে যায় তারা, ৬ উইকেটে। তখনো হাতে ছিল তিন বল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2010, 09:45 AM

Updated : 25 Aug 2022, 06:37 PM

ঢাকা, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দ্বিতীয় একদিনের খেলায় ইংল্যান্ড ৪ উইকেটে জিতেছে পাকিস্তানের বিপক্ষে। অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউসের শতকের ওপর ভর করে জয়ের লক্ষ্য ২৯৫ রানে পৌঁছে যায় তারা, ৬ উইকেটে। তখনো হাতে ছিল তিন বল। প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে কামরান আকমল ও আসাদ শফিকের অর্ধ-শতকের সুবাদে পাকিস্তান ৮ উইকেটে রান করে ২৯৪। লিডসের হেডিংলিতে রান তাড়া করতে নেমে ৪৩ রানে স্টিভ ডেভিসের (২৬) উইকেটটি হারালেও ইংল্যান্ডের রানের চাকা সচল রাখেন অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস ও জোনাথন ট্রট। জুটি বেঁধে তারা দলের সঙ্গে যোগ করেন ১৪৬। মূলত এই জুটিই জয়ের ভিত্তি গড়ে দেয় ইংল্যান্ডের। দলীয় ১৮৯ রানের মাথায় সাজঘরে ফিরে যাওয়ার আগে ট্রট তার অর্ধ-শতক আদায় করে নেন। ৫৩ রান করেন তিনি ৭১ বলে। চার মেরেছেন দু'টি। চতুর্থ ব্যাটসম্যান হিসেবে ২৪৮ রানের মাথায় সাজঘরে ফেরেন স্ট্রাউস। কিন্তু এর আগেই তিনি তার চারটি শতকের সঙ্গে আরেকটি শতক যোগ করে নেন। ১২৬ রান করেন ১৩৪ বলে। তিনি তার ইনিংসটি সাজান দশটি চার ও একটি ছক্কা দিয়ে। একদিনের ক্রিকেট জীবনে স্ট্রাউস তার পঞ্চম শতকে পৌঁছান ১০৬ বলে, নয়টি চার ও একটি ছক্কার সাহায্যে। অন্য ব্যাটসম্যানদের কেউ ২০-এর ঘরে যেতে না পারলেও জয়ের কক্সিক্ষত লক্ষ্যে পৌঁছাতে কোনো অসুবিধা হয়নি ইংল্যান্ডের। শেষ পর্যন্ত মাইকেল ইয়ার্ডি ১৩ ও টিম ব্রেসন্যান ১০ রানে অপরাজিত ছিলেন। পাকিস্তানি বোলারদের মধ্যে সবচেয়ে বেশি দুই উইকেট নেন সাঈদ আজমল, ৫২ রানে। এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমেই ঝড় তোলেন পাকিস্তানের উদ্বোধনী ব্যাটসম্যান কামরান আকমল। ১২২ রানের মাথায় পল কলিংউডের বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ার আগে রান করেন ৭৪। তিনি তার ৭২ বলের ইনিংসে দড়ির ওপারে বল পাঠান ১২ বার। অপর উদ্বোধনী ব্যাটসম্যান মোহাম্মদ হাফিজ অবশ্য কামরানের মতো আক্রমণাত্মক ছিলেন না। ১৩৭ রানের মাথায় গ্রায়েম সোয়ানের বলে সরাসরি বোল্ড হন তিনি। ৬৮ বলে রান করেন ৪৩। চার মেরেছেন পাঁচটি। হাফিজ বিদায় নিলেও পাকিস্তানের ওভার প্রতি রান তোলার হার কমেনি। মোহাম্মদ ইউসুফ ও আসাদ শফিক জুটি বেঁধে দলের সঙ্গে যোগ করেন আরো ৭৪। ২১১ রানের মাথায় মোহাম্মদ ইউসুফ ৪৮ বলে ৪৬ রান করে সাজঘরে ফিরে যাওয়ার পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে পাকিস্তান। দলীয় ২৪৬ রানের মাথায় স্টুয়ার্ট ব্রডের বলে রবি বোপারার হাতে ধরা পড়ার আগে শফিক তার অর্ধ-শতক আদায় করে নেন। ঠিক ৫০ রান করেন তিনি। তার ৫৮ বলের ইনিংসে তিনটি চার ও একটি ছক্কা রয়েছে। এছাড়া উমর আকমল করেন ২৮। আর ২০ রানে অপরাজিত থাকেন ফাওয়াদ আলম। ইংল্যান্ডের বোলারদের মধ্যে ব্রড চার উইকেট নেন, ৮১ রানে। এই জয়ের ফলে পাঁচ ম্যাচের একদিনের সিরিজে ইংল্যান্ড ২-০ তে এগিয়ে গেল। তৃতীয় খেলাটি হবে ১৭ সেপ্টেম্বর, ওভালে। শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/০০৩৯ ঘ.